চট্টগ্রামের লোহাগাড়ায় বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ আটজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১১ জন।
গতকাল বুধবার গভীর রাতে উপজেলার চুনতি এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে সাতজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- তাসলিমা বেগম (২০), তার দুই বছর বয়সী মেয়ে সাদিয়া, মা হাসিনা মমতাজ (৪৫), আফজাল হোসেন সোহেল (৩০), আব্দুর শুক্কুর (২৮), সায়েম (২২) ও মাইক্রোবাসের চালক নুরুল হুদা (২৫)।
এ বিষয়ে হাইওয়ে পুলিশ চিড়িংগা ফাঁড়ির ইনচার্জ সাইদুল ইসলাম, রাত ১টার দিকে ঢাকা থেকে কক্সবাজারমুখী ‘রিলাক্স’ পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীতমুখী একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এক শিশু ও দুই নারীসহ আটজনের মৃত্যু হয়। দুর্ঘটনায় মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে যায়। আর বাসটি রাস্তার বাঁ পাশে ধান ক্ষেতে পড়ে যায়।আহত অবস্থায় ১১ জনকে উদ্ধার করে পাঠানো হয় বিভিন্ন হাসপাতালে।
তিনি আরও জানান, মাইক্রোবাসটি বিভিন্ন এলাকা থেকে যাত্রী তুলে পরিবহন করছিল। নিহতরা সবাই ওই মাইক্রোবাসের আরোহী ছিলেন।

