বুধবার সকাল ১০টা ২০ মিনিটের দিকে ষোলশহর ফরেস্ট গেট এলাকায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) থেকে শহর অভিমুখে ছেড়ে যাওয়া শাটল ট্রেনের সঙ্গে মালবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তিনজন আহত হয়েছেন। এছাড়া বন্ধ রয়েছে ট্রেন চলাচল।
এ ঘটনায় আহতরা হলেন- মালবাহী ওয়াগনের লোকোমাস্টার শেখ আবদুল্লাহ হিল বাকি এবং শাটল ট্রেনে থাকা পুলিশ সদস্য মিজান ও শরীফ।
রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান পরিবহন কর্মকর্তা ওমর ফারুক বলেন, শাটল ট্রেন ও ওয়াগনের মধ্যে সংঘর্ষে ওয়াগনের দুটি বগি লাইনচ্যুত হয়েছে। তবে লাইন সংস্কারে রেলওয়ের প্রকৌশল বিভাগের কর্মীরা কাজ করছে।
ষোলশহর রেলওয়ে স্টেশনের মাস্টার তন্ময় চৌধুরী জানান, সংঘর্ষে কয়েকটি বগি লাইনচ্যুত হয়েছে। রেলওয়ে পুলিশ ও উদ্ধারকারীরা ঘটনাস্থলে কাজ করছে।

