চাঁদপুরে বাসের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত


paperslife

চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় বাসের ধাক্কায় সিএনজি অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন।

নিহত ব্যক্তিদের মধ্যে মা ও তার আট বছর বয়সী ছেলে আছে।

আজ রোববার সকাল সোয়া নয়টার দিকে উপজেলার কাকৈরতলা বাজারসংলগ্ন চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত পাঁচজন হলেন- কচুয়ার পিপলকড়া এলাকার রঞ্জিত চন্দ্র (৫২), একই উপজেলার চকড়া এলাকার ফখরুল ইসলাম (৭৫), শাহরাস্তির শাহাপুর এলাকার আবুল কালাম (৬২), একই উপজেলার ভবানপুর এলাকার মনি বেগম (২৮) ও তার ছেলে রুমান হোসেন (৮)।

শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম জানান, চাঁদপুর থেকে টঙ্গীগামী যাত্রীবাহী কর্ডোভা পরিবহনের একটি বাস ও কুমিল্লা থেকে শাহরাস্তিগামী সিএনজিচালিত একটি অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পাঁচজন নিহত হয়।

দুর্ঘটনার পর প্রায় দুই ঘণ্টা চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। বেলা ১১টার দিকে যান চলাচল স্বাভাবিক হয় বলে জানিয়েছেন চাঁদপুরের পুলিশ সুপার জিহাদুল কবির।