বিশ্বকাপ বাছাইপর্বের শেষ সময় এসে উপস্থিত। ফুটবল জগতের সবচেয়ে বড় আসরে সুযোগ পেতে মরিয়া দলগুলো। যেখানে মিসর, পানামার মত দল সুযোগ পেয়েছে। আবার গতবারের সেমিফাইনালিস্ট নেদারল্যান্ডস ও টানা দুইবার কোপা আমেরিকা জয়ী চিলি বিদায় নিয়েছে বাছাইপর্ব থেকেই।
সেই পথেই চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালি। দীর্ঘ ৬০ বছর পর ফুটবল বিশ্বকাপের বাছাইপর্বের বাঁধা উৎরাতে ব্যর্থ ফুটবল বিশ্বের জায়ান্ট দলটি। এর ফলে বুফন, বালোতেল্লিদের মত ফুটবলারদের ছাড়াই হবে ২০১৮ রাশিয়া বিশ্বকাপ।
সুইডেনের কাছে হেরে স্বপ্ন ভঙ্গ সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের। প্রথম লেগে সুইডেনের মাটিতে ১-০ গোলের হারের পর, দ্বিতীয় লেগে ঘরের মাঠে গোল শূন্য ড্র করে ইতালি। এরফলেই এবার বিশ্বকাপ খেলা হচ্ছে না তাদের।
অন্যদিকে দীর্ঘদিন পর বিশ্বকাপের মঞ্চে ঠাঁই করে নিয়েছে সুইডেন। গতবার ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগালের কাছে যে স্বপ্ন ভেঙেছিল, এবার আর তা হয়নি। সুইডেন বিশ্বকাপের মঞ্চে পা রেখেছে।
চিলি, নেদারল্যান্ডস, ইতালির মত পরাশক্তিদের ছাড়াই এবারের রাশিয়া বিশ্বকাপ যে কিছুটা রং হারাবে, তা বলার অপেক্ষা রাখে না।
