করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে লকডাউন চলছে বিশ্বের বিভিন্ন দেশ ও অঞ্চলে। এতে করে দেখা দিয়েছে প্রবল খাবারের সঙ্কট। তবে যে শুধু মানুষেরই ক্ষতির আশঙ্কা রয়েছে তা নয়। লকডাউনের জেরে প্রবল সমস্যায় পড়েছে প্রাণীরাও।
এমন পরিস্থিতিতে জার্মানির নিউ মুনস্টার চিড়িয়াখানার কর্তৃপক্ষকে একটি কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে। লকডাউনের জেরে প্রবল খাদ্য সঙ্কট দেখা দিয়েছে। খাবারের বরাদ্দ কমেছে। এখনও পর্যন্ত সরকারি অনুদান এসে পৌঁছয়নি চিড়িয়াখানা কর্তৃপক্ষের হাতে। ফলে আধপেটা খেয়ে দিন কাটাতে হচ্ছে অনেক পশুপাখিকে।
চিড়িয়াখানার পরিচালক ভেরেনা কাসপারি জানান, শেষ পর্যন্ত প্রাণীদের খাবারের টাকা জোগাড় না হলে কিংবা সাপ্লায়ার যদি খাবার সরবরাহ করতে না পারে, তাহলে কিছু প্রাণীকে মেরে অন্যদের খাওয়ানো হবে। তিনি মনে করেন, প্রাণীদের না খাইয়ে রাখার থেকে এই সিদ্ধান্ত ভাল।
নিউ মুনস্টার চিড়িয়াখানায় ১০০ প্রজাতির ৭০০ প্রাণী থাকে। চিড়িয়াখানাটি বন্ধ হয়েছে গত ১৫ মার্চ। কবে আবার খুলবে তাও জানা নেই কর্তৃপক্ষের। কোন প্রাণীদের সবার প্রথমে হত্যা করা হবে তারও একটি তালিকা ইতিমধ্যে তৈরি করেছে কর্তৃপক্ষ। তবে চিড়িয়াখানার পরিচালক সেটি জানাতে চাননি।

