চীনা পণ্য বর্জনে শামিল আইপিএলও!


ipl#paperslife

গত সোমবার লাদাখের গালওয়ান উপত্যকা সীমান্তে ভারত ও চীনের সেনা সংঘর্ষ ২০ জন ভারতীয় সেনা প্রাণ হারানোর ঘটনায় ভারতজুড়ে চলছে চীনা পণ্য বর্জনের ক্যাম্পেইন।

কিন্তু চীনা পণ্য বর্জনের ডাক দিলেই যে বর্জন এত সহজ নয়! কেননা ভারতের অনেক কিছুতেই রয়েছে চীনা প্রতিষ্ঠানের অর্থায়ন।

বিশেষ করে জমজমাট ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট আইপিএলেই চীনা মোবাইল প্রস্তুতকারক কোম্পানি ভিভো বিনিয়োগ করেছে প্রায় ৩ হাজার কোটি টাকা।

ফলে প্রাথমিকভাবে চীনা পণ্য বর্জনের ডাকে ‘না’ করে দিয়েছিল আইপিএল। টুর্নামেন্ট আয়োজক ভারতীয় ক্রিকেট বোর্ডের কোষাধ্যক্ষ অরুন ধুমাল বলেছিলেন, ‘চীনা কোম্পানির এই পৃষ্ঠপোষকতা ভারতীয় অর্থনীতিতে বিশাল অবদান রাখছে। এখানে বাস্তবতা ভিন্ন। চীনা কোম্পানির কাছ থেকে পৃষ্ঠপোষকতা নিয়ে তো চীনা মানুষের কাজে লাগছে না, কাজে লাগছে ভারতীয় মানুষের।’

ধুমালের এমন মন্তব্যের ৩৬ ঘণ্টার মধ্যেই নিজেদের অবস্থান বদলেছে আইপিএল আয়োজকরা। এবার জানিয়েছে, সীমান্তে সংঘর্ষের বিষয়টি মাথায় রেখে আইপিএলের সকল পৃষ্ঠপোষকদের ব্যাপারে বিস্তারিত আলোচনায় বসবে তারা।

অবশ্য চাইলেই এত সহজে চীনা পৃষ্ঠপোষক বাদ দিতে পারবে না আইপিএল। কেননা বর্তমানে চীনা মোবাইল প্রস্তুতকারক কোম্পানি ভিভোর সঙ্গে তাদের চুক্তি রয়েছে ২০২২ সাল পর্যন্ত। সে চুক্তির অংকটা ৩৪১ মিলিয়ন মার্কিন ডলার বা ৩ হাজার কোটি টাকার কাছাকাছি।

শুধু ভিভোই নয়, আইপিএলে রয়েছে আরও চীনা পৃষ্ঠপোষক। খেলার সময় মাঠে আম্পায়ারদের জার্সি থাকে পেটিএম লোগো। এ কোম্পানির মূল বিনিয়োগকারী প্রতিষ্ঠান হলো আলীবাবা, যেটি কি না চীনা প্রতিষ্ঠানই।