চীনে নতুন করে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বৃদ্ধির খবর পাওয়া গেছে। গত ২৪ ঘণ্টায় চীনে নতুন করে প্রাণঘাতী করোনা ভাইরাসে ৫৭ জন আক্রান্ত হয়েছেন। রবিবার চীনের ন্যাশনাল হেলথ কমিশনের পক্ষ থেকে এমনটি বলা হয়েছে।
এপ্রিল মাসের পর এটি চীনে একদিনে করোনায় আক্রান্তের সর্বোচ্চ সংখ্যা। এমন পরিস্থিতিতে চীনে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের আশংকা করছেন বিশেষজ্ঞরা।
জানা গেছে, চীনের দক্ষিণ বেইজিংয়ে অবস্থিত একটি মাংস এবং সবজির বাজার থেকে নতুন করে করোনার সংক্রমণ হয়েছে। চীনের ন্যাশনাল হেলথ কমিশনের পক্ষ থেকে বলা হচ্ছে, নতুন করে আক্রান্তদের ৩৬ জনই বেইজিংয়ের।
নতুন ক্লাস্টার জোন পাওয়ায় বেইজিংয়ে ১১টি এলাকায় নতুন করে লকডাউন জারি করা হয়েছে। প্রায় নয়টির মতো স্কুল এবং কিন্ডারগার্টেন বন্ধ করে দেয়া হয়েছে।
শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে নতুন ক্লাস্টার জোন হিসেবে চিহ্নিত বেইজিংয়ের জিনফাদি মাংসের বাজারটি বন্ধ করে দেয় স্থানীয় প্রশাসন। পাশাপাশি বেইজিং শহরের অন্যান্য পাইকারি বাজারগুলো বন্ধ রাখা হয়েছে।

