চীনে বন্ধ হোয়াটসঅ্যাপ
২৭ সেপ্টেম্বর ২০১৭ - ০২:৫৮:১৬ অপরাহ্ন
ফেসবুক মালিকানাধীন মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ চীনের বেশির ভাগ জায়গায় বন্ধ করা হয়েছে। ২৩ সেপ্টেম্বর থেকে দেশটিতে হোয়াটসঅ্যাপ বন্ধ করতে শুরু করেছে চীনা ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলো।
গত সোমবার রাতে এ তথ্য জানিয়েছে বৈশ্বিক পর্যবেক্ষক নেটওয়ার্ক ওপেন অভজার্ভেটরি অফ নেটওয়ার্ক ইন্টারফিয়ারেন্স।
মাইক্রোব্লগিং সাইট টুইটারে কিছু গ্রাহক জানিয়েছেন, ১৯ সেপ্টেম্বর থেকেই তারা হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারছেন না। আগের কয়েক মাসে চীনে বেশ কয়েকবার অ্যাপটির সেবায় বিভ্রাট দেখা গেছে। অবশ্য চীনের এমন পদক্ষেপ নিয়ে এখনও আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি হোয়াটসঅ্যাপ।
অনেক আগেই ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার এবং গুগল-সহ বেশ কিছু ইন্টারনেট সেবা বন্ধ করেছে চীন। এবার সে তালিকায় যোগ হচ্ছে হোয়াটসঅ্যাপ। বন্ধ করা হলেও দেশটিতে কিছু মানুষ ভিপিএন ব্যবহার করে এই সেবাগুলো ব্যবহার করে আসছিলেন। কিন্তু ভিপিএন বন্ধ করতে এ বছরই উদ্যোগ নিয়েছে চীনা সরকার।