চীনে রাসায়নিক কারখানায় বিস্ফোরণে নিহত ৫০


paperslife

পূর্ব চীনের একটি রাসায়নিক কারখানায় তীব্র বিস্ফোরণে অন্তত ৫০ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০৪জন।

বৃহস্পতিবার দুপুর ২টা ৫০ মিনিটে পূর্ব চীনের জিয়াংসু প্রদেশের ইয়্যানচেংয়ের তিয়ানজিআই কেমিক্যাল সংস্থার কারখানায় এই বিস্ফোরণ ঘটে।

এ সময় ভেঙে পড়ে একাধিক বাড়ি। কালো ধোঁয়ায় ঢেকে যায় আকাশ।

সাম্প্রতিক কালে এটিই চীনের সবচেয়ে ভয়াবহ  শিল্পজনিত দুর্ঘটনা বলে জানিয়েছে সরকারি দপ্তর।

সার উৎপাদনকারী একটি কারখানা থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা ছড়িয়ে পড়ে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে আরও কয়েকজন শ্রমিককে। বিবিসির প্রতিবেদনে এমনটাই বলা হয়েছে।

দমকলের একাধিক ইঞ্জিন ও উদ্ধারকর্মীরা সেখানে রয়েছে। এ ছাড়া বিপুল সংখ্যক নিরাপত্তা কর্মীকেও সেখানে মোতায়েন করা হয়েছে।

সরকারি সংবাদসংস্থা জিনহুয়া জানিয়েছে, রাসায়নিক সার কারখানা থেকেই প্রথমে আগুন ছড়ায়। বিস্ফোরণে কারখানার বেশ কিছু নির্মাণ ভেঙে পড়েছে। গোটা এলাকা ঘন কালো ধোঁয়ায় ঢেকে গেছে।

এদিকে ভূমিকম্প বিষয়ক কর্তৃপক্ষ বলছে, বিস্ফোরণের সময় লিয়াংইয়ুংগ্যাং শহরে রিখটার স্কেলে ২ দশমিক ২ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। বিস্ফোরণ এর কারণে কারখানার ভবন ধসে আটকা পড়ে অনেক শ্রমিক।