এবার চুয়াডাঙ্গায় করোনায় আক্রান্ত হয়েছেন আরও ৬ জন। আক্রান্ত ৬ জনের মধ্যে চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়ার হুচুকপাড়া গ্রামের ১ জন, ডিঙ্গেদাহ গ্রামের ১জন, আলমডাঙ্গা উপজেলার খাদিমপুর গ্রামের ২ জন ও শিয়ালমারী এবং বটিয়াপাড়া গ্রামের ১ জন করে রয়েছেন।
এদের মধ্যে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের একজন সিনিয়র স্টাফ নার্সও রয়েছেন।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. এএসএএম মারুফ হাসান।
সেইসাথে ৬ জন নতুন আক্রান্তের পর চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মেডিসিন ওয়ার্ডের দুইজন চিকিৎসক, নার্সসহ ১৫ জন স্টাফকে হোম কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছে।
এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. শামীম কবির জানান, গত ৬ এপ্রিল থেকে ১২ এপ্রিল পর্যন্ত সদর উপজেলার বেগমপুর গ্রামের একজন কিডনি রোগী চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
পরবর্তীতে তিনি ঢাকায় গিয়ে করোনায় আক্রান্ত হন। বিষয়টি জানার পর হাসপাতালের মেডিসিন ওয়ার্ডের ১১জন চিকিৎসক নার্সসহ ২১ জনের নমুনা সংগ্রহ করে মঙ্গলবার যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে পাঠানো হয়। সেই ২১ জনের মধ্যে বৃহস্পতিবার ৬ জনের করোনা পজিটিভ এসেছে।
এখন পর্যন্ত জেলায় করোনায় আক্রান্ত হয়েছেন ৮ জন।

