চ্যাম্পিয়ন্স লীগের 'ড্র' আজ




উয়েফা চ্যাম্পিয়ন্স লীগ শুরু হবে আগামী মাসে। এর আগে গ্রূপ পর্বে কে কোন দলের বিপক্ষে লড়বে তা নির্ধারণ হবে আজ। ফ্রান্সের মোনাকোতে জমকালো আয়োজনের মধ্য দিয়ে আজ হতে যাচ্ছে চ্যাম্পিয়ন্স লীগের ড্র।
ইউরোপ সেরার লড়াইয়ে ছাড় দেওয়ার পাত্র নয় কেউ। সেই লড়াইয়ে কে কোন গ্রূপে পড়তে যাচ্ছে, কোন দলের প্রতিপক্ষ কে হতে যাচ্ছে – ৩২ দলের গ্রূপ নির্বাচন হবে আজ। তা নিয়ে ফুটবল ভক্ত-সমর্থকদের আগ্রহ যেন মাত্রাতিরিক্ত বেশিই। নিজের পছন্দের দল সহজ না কঠিন গ্রূপে কিংবা কাদের বিপক্ষে লড়বে তা জানতে ফুটবলপ্রেমীদের চোখ থাকবে ফ্রান্সের মোনাকোতে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স লীগের ‘ড্র’ অনুষ্ঠানে।
আজ বাংলাদেশ সময় রাত দশটায় এ অনুষ্ঠান ফ্রান্সের মোনাকো থেকে সরাসরি সম্প্রচার করবে সনি টেন ২ চ্যানেল। এ দিন গত মৌসুমের পারফরম্যান্সের বিবেচনায় ঘোষণা করা হবে ইউরোপ সেরা খেলোয়াড়ের নাম। যেখানে আর্জেন্টিনার লিওনেল মেসি, পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনালদোর সাথে লড়বে ইতালির গোলরক্ষক জিয়ানলুইজি বুফন।
চ্যাম্পিয়ন্স লীগ গ্রূপ পর্বের ড্র’তে মোট ৩২ দলকে আট গ্রূপে ভাগ করে দেয়া হবে। প্রতি গ্রূপের চার দল হোম ও এওয়ে ভিত্তিতে মোট ছয়টি করে ম্যাচ খেলবে গ্রূপ পর্বে।
পট-১ এ বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের সাথে আছে বায়ার্ন মিউনিখ, চেলসি, যুভেন্তাস, মোনাকো, বেনফিকা, শাখতার দোনেস্ক, স্পার্টাক মস্কো।
পট-২ এ বার্সেলোনা, ম্যানচেস্টার সিটি ও পিএসজির সাথে ম্যানচেস্টার ইউনাইটেড, আটলেটিকো মাদ্রিদ, সেভিয়া, বরুশিয়া ডর্টমুন্ড, এফ সি পোর্তো রয়েছে
পট-৩ এ আছে নাপোলি, লিভারপুল, রোমা, টটেনহাম, বাসেল, অলিম্পিয়াকস, আন্ডারলেক্ট ও বেসিকতাস।
পট-৪ এ রয়েছে সেলটিক, সিএসকে মস্কো, অপয়েল, স্পোর্টিং সিপি, ফায়েনর্দ, মারিবর, কারাবাগ, লিপিজিগ।
উল্লেখ্য, একই পটের কোনো দল বা একই দেশের কোনো ক্লাব একই গ্রূপে পড়বে না।