‘চ্যাম্পিয়ন হতে হলে বিরিয়ানি খাওয়া বন্ধ করতে হবে’



ইতোমধ্যেই বিশ্বকাপ নিয়ে তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। সুযোগ পাওয়া প্রতিটি দলই নিজেদের মত করে প্রস্তুতি সেরে নিচ্ছে। পাকিস্তানও এর ব্যতিক্রম নয়। বিশ্বকাপকে সামনে রেখে ২৩ সদস্যের প্রাথমিক দলও ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

কিছুদিন আগে অস্ট্রেলিয়ার কাছে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে পাকিস্তান। দলের খেলোয়াড়দেরপারফরম্যান্সের গ্রাফ নিম্নমুখী। এ নিয়ে চিন্তিত পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা। ওয়াসিম আকরাম সমালোচনা করছেন জাতীয় দলের ক্রিকেটারদের খাদ্যাভ্যাসের।

৫২ বছর বয়সী বিশ্বকাপ জয়ী এই বাঁহাতি পেসারের বড় আপত্তি বিরিয়ানি নিয়ে। পাকিস্তানের ড্রেসিংরুমে খেলোয়াড়দের বিরিয়ানি খাওয়া মোটেই ভাল কথা নয় বলে মনে করেন তিনি।

টিম ম্যানেজমেন্টকে একহাত নিয়ে সংবাদমাধ্যমকে ওয়াসিম বলেন, ‘খেলোয়াড়দের এখনো বিরিয়ানি দেওয়া হয়। আপনি তাঁদের বিরিয়ানি খাইয়ে চ্যাম্পিয়ন দলের বিপক্ষে লড়তে পারবেন না।’

খেলোয়াড়ি জীবনে ফিটনেস নিয়ে বেশ সচেতন ছিলেন ওয়াসিম আকরাম। তার ভালো করার মূলেই ছিল শরীরের প্রতি যত্ন। আর সবকিছুর উপরে সুষম খাদ্যের প্রতি আকর্ষণ থাকা।

শরীরের প্রতি যত্নবান না হলে চ্যাম্পিয়ন হওয়া যায় না বলে মনে করেন ওয়াসিম। চ্যাম্পিয়ন হতে না পারলে চ্যাম্পিয়ন দলগুলোর সাথেও লড়াই করা সম্ভব নয়।

নতুন সংস্করণে এবারের বিশ্বকাপে পাকিস্তান তখনই ভালো করবে, যখন সুস্বাস্থ্যের প্রতি নজর দিবে। ওয়াসিম বলেন, ‘এই সংস্করণে আমরা ১৯৯২ বিশ্বকাপেও খেলেছি। সব দল একে-অপরের বিপক্ষে খেলবে। অর্থাৎ সেরা চারটি দলই শেষ চারে উঠবে। আমি মনে করি, পাকিস্তানের সুযোগ আছে।’