সাবিলা আলাউদ্দিন আখি
উনিশ শতকের অন্যতম শ্রেষ্ঠ লেখক; বাংলা সাহিত্যের প্রথম ঔপন্যাসিক প্যারীচাঁদ মিত্র, ছদ্মনাম টেকচাঁদ ঠাকুর। জন্মের দুশো বছর পরও তিনি বাংলাভাষীর কাছে এক অবিস্মরণীয় নাম।
প্যারীচাঁদ মিত্র কলকাতায় ১৮১৪ সালের ২২শে জুলাই এক বণিক পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম রামনারায়ণ মিত্র। তিনি কাগজ ও হুন্ডি ব্যবসায়ী ছিলেন। প্যারীচাঁদ মিত্র বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন।
প্যারীচাঁদ মিত্র এমন এক সময়ে আবির্ভূত হয়েছিলেন, যখন প্রগতিশীল চিন্তা, উদার মানবতাবাদী দর্শন, ব্রাহ্ম ধর্ম-আন্দোলন এবং নাস্তিকতার পাশাপাশি রক্ষণশীল হিন্দুসমাজের দাপট, সামাজিক অসংগতি ও সনাতন মূল্যচেতনার যুগলস্রোতে বাংলাদেশের সমাজ ছিল গতিচঞ্চল, দ্বন্দ্বক্ষত এবং আসন্ন পরিবর্তনমুখী। হিন্দু কলেজে ডিরোজিওর ছাত্র ছিলেন প্যারীচাঁদ, ফলে তাঁর মানসলোকে উদার মানবতাবাদী চেতনা ও মুক্ত-জীবনদৃষ্টির বীজ অঙ্কুরিত হয়েছিল প্রথম যৌবনেই।
রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আর ‘ইয়ংবেঙ্গল’দের সমকালে বাংলাদেশে আবির্ভূত হয়েছিলেন প্যারীচাঁদ মিত্র। তাঁর সময় কেটেছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আর মাইকেল মধুসূদন দত্তের সাহিত্যিক-সাহচর্যে। আলালের ঘরের দুলাল তাঁর শ্রেষ্ঠ এবং বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস। উল্লেখ্য যে এখানে তিনি যে কথ্য ভাষা ব্যবহার করেছিলেন তা আলালী ভাষা নামে পরিচিতি লাভ করেছে। এই গ্রন্থটি ইংরেজিতেও অনুবাদ করা হয়েছিল ‘দ্যা স্পয়েল্ড চাইল্ড’ নামে। এই একটি উপন্যাস তাঁকে স্মরণীয় করে রেখেছে বাঙালির হৃদয়ে।
এছাড়াও তাঁর বেশ কিছু সাহিত্যকর্ম রয়েছেমদ খাওয়া বড় দায়, জাত থাকার কি উপায়(১৮৫৯) উদ্ভট কল্পনা তাঁর এ গ্রন্থে লক্ষ করা যায়।অভেদী(১৮৭১)আধ্যাত্মিকা(১৮৮০)‘দ্য জমিন্দার অ্যান্ড রায়তস’ নামের গ্রন্থটি তখনকার সময়ে অনেক আলোড়ন সৃষ্টি করেছিল। কারণ এটি রচিত হয়েছিল চিরস্থায়ী বন্দোবস্ত ব্যবস্থার বিরুদ্ধে।
১৮৬০ সালে স্ত্রী বামাকালীর মৃত্যুর পর প্যারীচাঁদ প্রেততত্ত্ব তথা থিওসফির প্রতি প্রবলভাবে আকৃষ্ট হয়ে পড়েন। তিনি সমমনাদের নিয়ে প্রতিষ্ঠা করেন ভারতীয় থিওসফিক্যাল সোসাইটি। দেশি-বিদেশি বহু থিওসফিক্যাল সংস্থার সঙ্গে প্যারীচাঁদের ছিল গভীর সম্পর্ক। ১৮৬০-উত্তর তাঁর সকল রচনাতেই থিওসফির প্রভাব পরিলক্ষিত হয়।
তিনি জীবদ্দশায় বহু কিছুর সাথে সংযুক্ত ছিলেন। বাংলার নবজাগরণের অন্যতম নেতা ছিলেন; তিনি ক্যালকাটা পাবলিক লাইব্রেরির লাইব্রেরিয়ান ছিলেন। তিনি মহিলাদের জন্য একটি মাসিক পত্রিকা সম্পাদনা করেন। তাঁর সহযোগী ছিলো রাধানাথ শিকদার। এছাড়াও জনকল্যাণ মূলক কাজও করতেন। তিনি কলিকাতা বিশ্ববিদ্যালয়ের সিনেটের সদস্য ছিলেন। বেথুন সোসাইটি ও ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটির অন্যতম উদ্যোক্তা ছিলেন প্যারীচাঁদ মিত্র। তাঁর ইংরেজি ভাষায় রচিত লেখাসমূহ ছাপা হত ইংলিশম্যান, ইন্ডিয়ান ফিল্ড, ক্যালকাটা রিভিউ হিন্দু প্যাট্রিয়ট, ফ্রেন্ড অফ ইন্ডিয়া প্রভৃতি পত্রিকায়। তিনি পুলিশি অত্যাচারিতার বিরুদ্ধে লড়েছিলেন এবং সফলকামও হয়েছিলেন। তিনি স্ত্রী শিক্ষা প্রচারে যথেষ্ট সক্রিয়তার পরিচয় দেন। তিনি বিধবাবিবাহ সমর্থন করতেন। তিনি বাল্যবিবাহ এবং বহুবিবাহের বিরোধিতা করেন। অতঃপর ১৮৮৩ সালের ২৩ নভেম্বর কলকাতায় জীবনাবসান ঘটে।
