জান্নাতুলের ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ খেতাব বাতিল




তথ্য গোপনের অভিযোগে জান্নাতুল নাঈমের ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ খেতাব বাতিল করা হয়েছে।  তাকে অযোগ্য ঘোষণা করলেন মিস ওয়ার্ল্ডের আন্তর্জাতিক কমিটি। মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় অংশ নেওয়ার প্রথম শর্ত হলো, প্রতিযোগীকে অবিবাহিত হতে হবে। কিন্তু জান্নাতুল নাঈম তাঁর বিয়ের বিষয়টি গোপন রেখে প্রতিযোগিতায় অংশ নেন। তাই তার খেতাব বাতিল করা হল।
আয়োজক প্রতিষ্ঠান অন্তর শো বিজের পক্ষ থেকে বুধবার বিকেল পাঁচটায় রাজধানীর ওয়েস্টিন ঢাকা হোটেলে আয়োজন করা হয়েছে পুরস্কার প্রদান অনুষ্ঠান ও সংবাদ সম্মেলন। এ সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়েছে।
এর আগে ২৯ সেপ্টেম্বর ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ চ্যাম্পিয়ন হিসেবে চট্টগ্রামের মেয়ে জান্নাতুল নাঈম এভ্রিলের নাম ঘোষণা করা হয়। তবে নিজের বৈবাহিক অবস্থান লুকিয়ে রেজিস্ট্রেশন করায় সমালোচনার মুখে পড়েন তিনি। তবে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতার আয়োজক প্রতিষ্ঠান ‘মিস ওয়ার্ল্ড’ কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করেন।
মঙ্গলবার (২ অক্টোবর) ফিরতি মেইলে ‘মিস ওয়ার্ল্ড’ কর্তৃপক্ষ জানিয়েছেন, বিবাহিত কিংবা ডিভোর্সি হওয়ায় এভ্রিলের ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় অংশ নিতে কোনো বাধা নেই। কিন্তু তিনি নিজের বৈবাহিক অবস্থান গোপন রেখে অসততার পরিচয় দিয়েছেন। সেকারণে তাকে প্রতিযোগিতায় অংশ নিতে নিরুৎসাহিত করা হয়েছে।
এ চিঠির প্রেক্ষিতে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ আয়োজকরা এভ্রিলের খেতাব বাতিল করার সিদ্ধান্ত নেন। প্রতিযোগিতার অপর দুই প্রতিযোগীর মধ্য থেকে একজনকে পাঠানো হবে চীনে আয়োজিত মূল প্রতিযোগিতায়।
খোঁজ নিয়ে জানা গেছে, জান্নাতুল নাঈমের বাড়ি চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার ৫ নম্বর বরমা ইউনিয়নের সেরন্দি গ্রামের রাউলিবাগ এলাকায়। তাঁর বাবা তাহের মিয়া ও মা রেজিয়া বেগম। চন্দনাইশ পৌরসভার কাজি অফিস থেকে পাওয়া কাবিননামা অনুযায়ী ২০১৩ সালের ২১ মার্চ চন্দনাইশ পৌর এলাকার বাসিন্দা ও কাপড় ব্যবসায়ী মোহাম্মদ মুনজুর উদ্দিনের সঙ্গে জান্নাতুলের বিয়ে হয়। বিয়ের দেনমোহর ছিল ৮ লাখ টাকা। বিয়ের উকিল হন মেয়ের বাবা তাহের মিয়া। বিয়েতে কাজি ছিলেন আবু তালেব। একই বছরের ১১ জুন তালাকনামায় সই করেন জান্নাতুল।
মঙ্গলবার ফেসবুক লাইভে এসে নিজের বিয়ে ও ডিভোর্সের কথাও স্বীকার করেন জান্নাতুল। এসময় তিনি নিজেকে বাল্যবিবাহের শিকার বলেও দাবি করেন।
প্রথম থেকেই মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতার ফলাফল নিয়ে বিতর্ক শুরু হয়েছে। শোনা যাচ্ছিল, বিচারকদের রায়ে নয়, আয়োজকের পছন্দে নির্বাচন করা হলো ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’!
জান্নাতুল নাঈম নাকি বিচারকদের পছন্দের তালিকায় ছিলেন না। যাচাই-বাছাই শেষে বিচারকেরা ভোট দিয়ে যাঁকে প্রথম নির্বাচিত করেছেন, আয়োজকের নির্দেশে উপস্থাপক তাঁকে দ্বিতীয় ঘোষণা করতে বাধ্য হন।
আয়োজক প্রতিষ্ঠান অন্তর শোবিজের দেওয়া তথ্য অনুযায়ী এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য প্রাথমিকভাবে প্রায় ২৫ হাজার আগ্রহী নাম নিবন্ধন করেন। তাঁদের মধ্য থেকে কয়েকটি ধাপে বাছাই করা হয়েছে সেরা ১০ জনকে। এই ১০ জন হলেন রুকাইয়া জাহান, জান্নাতুল নাঈম, জারা মিতু, সাদিয়া ইমান, তৌহিদা তাসনিম, মিফতাহুল জান্নাত, সঞ্চিতা দত্ত, ফারহানা জামান, জান্নাতুল হিমি ও জেসিকা ইসলাম। গতকাল শুক্রবার সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারের নবরাত্রী হলে এই প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালেতে অংশ নেন তাঁরা। নতুন ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ ১৮ নভেম্বর চীনের সানাইয়া শহরে অনুষ্ঠেয় ৬৭তম মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে অংশ নেবেন।
আরও পড়ুন;
বিয়ের কথা স্বীকার করলেন ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’
মিসেস যখন ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’
মিস ওয়ার্ল্ড বাংলাদেশের মুকুট জিতলেন জান্নাতুল