জাপানে নজিরবিহীন দাবদাহে মাত্র এক সপ্তাহে অন্তত ৬৫ জন প্রাণ হারিয়েছে বলে জানিয়েছেন দেশটির সরকারি কর্মকর্তারা। দেশটির আবহাওয়া সংস্থা এ রেকর্ড ভাঙা তাপমাত্রাকে ‘প্রাকৃতিক দুর্যোগ’ হিসেবে চিহ্নিত করেছে।
এ বিষয়ে জাপানের অগ্নি ও দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, রোববার পর্যন্ত এক সপ্তাহে হিট স্ট্রোকে অন্তত ৬৫ জন প্রাণ হারিয়েছে। এছাড়া আরো ২২ হাজার ৬৪৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংস্থার এক মুখপাত্র এএফপিকে বলেন, ২০০৮ সালের জুলাই থেকে হিট স্ট্রোকে মৃত্যুর সংখ্যা নিবন্ধন শুরুর পর এবারে গ্রীষ্মেই সবচেয়ে ভয়াবহ সপ্তাহটি রেকর্ড করা হলো। অসুস্থতা ও প্রাণহানি দুই পরিসংখ্যানই সবচেয়ে উদ্বেগজনক পরিস্থিতিতে দাঁড়িয়েছে।
জাপানে চলতি মাসের শুরু থেকে এখন পর্যন্ত মোট ৮০ জন প্রচণ্ড তাপে প্রাণ হারিয়েছে। ভয়াবহ গরমে ৩৫ হাজারের বেশি মানুষকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গতকাল সরকারের শীর্ষ মুখপাত্র ইয়োশিহিদে সুগা সাংবাদিকদের জানিয়েছেন, দেশব্যাপী রেকর্ড তাপপ্রবাহের কারণে স্কুলশিশুদের জীবন রক্ষায় জরুরি ব্যবস্থা গ্রহণ প্রয়োজন হয়ে পড়েছে। উল্লেখ্য, গত সপ্তাহে নিহতদের মধ্যে ছয় বছর বয়সী এক স্কুলছাত্র রয়েছে। ফিল্ড ট্রিপ থেকে ফেরার পথে ছাত্রটি প্রচণ্ড গরমে জ্ঞান হারিয়ে ফেলে।
সুগা আরো জানিয়েছেন, আগামী গ্রীষ্মের মধ্যে সব স্কুলে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা নিশ্চিত করতে সরকার তহবিল জোগান দেবে। এছাড়া সরকার চলতি বছর গ্রীষ্মকালীন ছুটির সময়সীমা বাড়ানোর কথাও বিবেচনা করছে।

