বর্তমান কোচ সেতিয়েনের সঙ্গে ফুটবলারদের সম্পর্কের অবনতি হওয়ার কারণে নতুন কোচ খুঁজছে বিশ্বের অন্যতম সেরা ক্লাব বার্সেলোনা। সেই তালিকায় সবার উপরে আছেন জাভি হার্নান্দেজ।
জানা গেছে, বাৎসরিক প্রায় সাড়ে ৫ মিলিয়ন পাউন্ড চুক্তিতে আগামী মৌসুমে কাতালান ক্লাবটির কোচের দায়িত্ব নিতে সম্মত হয়েছেন জাভি।
গণমাধ্যমের দাবি, বার্সা সভাপতি হোসে মারিয়া বার্তোমিউয়ের সঙ্গে কথা পাকাপাকি হয়েছে তার। বাজে সময়ের মধ্য দিয়ে যাচ্ছে স্প্যানিশ জায়ান্টরা। করোনা পরিস্থিতির আগে দখলে থাকা লা লিগার চেয়ারটা হারিয়েছে কাতালানরা।
শিরোপার দৌড়ে বেশ খানিকটা এগিয়ে গেছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ। তারওপর লিওনেল মেসির ক্লাব ছাড়ার গুঞ্জন ও আর্থিক সংকট সহ সার্বিকভাবে বেশ চাপে আছেন বার্তোমিউ।
বর্তমান কোচ কিকে সেতিয়েনের সঙ্গে মেসি-সুয়ারেজদের সম্পর্কের অবনতির বিষয়টি পরিষ্কার। লিগ টেবিলে শীর্ষস্থান হারানোর পেছনে কোচের কৌশলকে দুষছেন অনেকেই। আছে মেসি-গ্রিজম্যান দ্বন্দ্বের খবরও। ড্রেসিংরুমের চাপা উত্তেজনা গোপন থাকেনি। এতেই বেজেছে ৬১ বছর বয়সী কোচের বিদায়ের ঘন্টা।
বর্তমানে কাতারের ক্লাব আল সাদের কোচের দায়িত্ব পালন করছেন তিনি। তবে খেলোয়াড় হিসেবে ১৭ বছর যে ক্লাবে কাটিয়েছেন, সেখানে কোচ হিসেবে সেরাটাই নিংড়ে দিবেন জাভি হার্নান্দেজ। এই প্রত্যাশা ভক্ত সমর্থকদের।

