হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াকফ) বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক হাকিম মো. ইউছুফকে আগামীকাল (১১ জুন) জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাৎ ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তাকে ডাকা হয়েছে বলে দুদকের একটি সূত্র নিশ্চিত করেছে। দুদকের প্রধান কার্যালয় থেকে পাঠানো নোটিশে বলা হয়, গত ২৬ মে তাকে তলবি নোটিশ পাঠানো হয়।
দুদকের সহকারী পরিচালক মো. সাইদুজ্জামান অভিযোগটি অনুসন্ধান করছেন। আর দুদক পরিচালক সৈয়দ ইকবাল হোসেন তদারককারী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন।
অভিযোগের বিষয়ে জানা যায়, স্বজনপ্রীতির মাধ্যমে নিজ সন্তানদের পরিচালক পদে চাকরি দিয়ে অনিয়মের মাধ্যমে বেশি বেতন দিয়ে এবং অনিয়মের আশ্রয় নিয়ে কাঁচামাল ও যন্ত্রপাতি আমদানির নামে অর্থ আত্মসাতসহ জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন।
উল্লেখ্য, হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াকফ) ইউনানি ও আয়ুর্বেদিক ওষুধের জন্য উপমহাদেশ খ্যাত। হাকিম হাফিজ আব্দুল মজিদ ১৯০৬ সালে ১ আগস্ট দিল্লিতে হামদর্দ প্রতিষ্ঠা করেছিলেন। ১৯৪৮ সালে এটি ওয়াকফ প্রতিষ্ঠান হয়।
অভিযোগ, হাজার কোটি টাকা মূলধনের প্রতিষ্ঠান হামদর্দ ল্যাবরেটরিজ দুর্নীতি, অনিয়ম ও পরিবারতন্ত্রের বেড়াজালে রয়েছে। ওয়াকফ আইনের তোয়াক্কা না করে প্রতিষ্ঠানটিতে পরিবারতন্ত্র প্রতিষ্ঠা করা হয়েছে। হামদর্দ নিয়ন্ত্রণ করছেন ব্যবস্থাপনা পরিচালক হাকিম মো. ইউছুফ এবং গুরুত্বপূর্ণ আরো তিন পদে রয়েছেন তার তিন সন্তান। হামদর্দের চারটি গুরুত্বপূর্ণ পদই হাকিম ইউছুফ ও তার পরিবারের দখলে।
এছাড়াও টেন্ডার ছাড়াই অথবা গোপন টেন্ডারের মাধ্যমে কোটি কোটি টাকার কাঁচামাল আমদানি, মেশিন ও যন্ত্রপাতি ক্রয়, জমি ক্রয়, কনস্ট্রাকশন, কেমিক্যাল ক্রয়, ক্যালেন্ডার-ডায়রি প্রিন্টিং ও প্রকাশনা খাতে ব্যবস্থাপনা পরিচালক দুর্নীতি করছেন বলে অভিযোগ রয়েছে।

