জীবিতদের মধ্যে ৯ জন বাংলাদেশি



নেপালের কাঠমান্ডুতে ত্রিভুবন এয়ারপোর্টে বিধ্বস্ত ইউএস বাংলার উড়োজাহাজটির জীবিত উদ্ধার করা ২২ আরোহীর মধ্যে নয়জন বাংলাদেশি।
গতকাল সোমবার রাতে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, আহতদের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। জীবিতদের পরিচয় এখন পর্যন্ত নিশ্চিত করা যায়নি।
তবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম তাঁর ফেসবুক পেজে জানিয়েছেন, নেপালে উড়োজাহাজ দুর্ঘটনায় ১৪ জন বাংলাদেশি আহত অবস্থায় আছেন। তাঁদের মধ্যে একজনের অবস্থা খুবই গুরুতর। পরিচয় নিশ্চিত হলে তাঁদের তালিকা তৈরি করা হবে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইউএস বাংলা এয়ারলাইনসের ওই উড়োজাহাজটিতে মোট ৭১ জন আরোহী ছিলেন। এর মধ্যে ৬৭ জন যাত্রী ও চারজন ক্রু। যাত্রীদের মধ্যে ৩২ জন বাংলাদেশি, ৩৩ জন নেপালি এবং একজন চীন ও একজন মালদ্বীপের নাগরিক।
ঢাকা থেকে নেপালের উদ্দেশে ছেড়ে যাওয়া বেসরকারি বিমান সংস্থা ইউএস বাংলার একটি উড়োজাহাজ কাঠমান্ডুতে বিধ্বস্ত হয়েছে। গতকাল সোমবার কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন;
নেপালে ইউএস বাংলার উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৫০
বিধ্বস্ত উড়োজাহাজে ছিলেন ৩৩ বাংলাদেশি
নেপালে বিধ্বস্ত বিমানে থাকা যাত্রীর তালিকা