অবশেষে মুক্তি মিলেছে করোনা থেকে। কিন্তু এর অভিজ্ঞতা যে ভয়াবহ। এর থেকে মুক্তি মিলবে কি করে? শরীরের মধ্যে বহন করা করোনাভাইরাস সবচেয়ে বেশি গ্রাস করেছিল তার মনকে।
আর্জেন্টাইন ডিফেন্ডার জের্মান পেজেয়া প্রতি মুহূর্তে ভয়ের মধ্যে থাকতে থাকতে কেবল ভালো সময়ের অপেক্ষা করেছেন।
ইতালীয় ক্লাব ফিওরেন্তিনার হয়ে খেলেন পেজেয়া। পেজেয়াসহ ফিওরেন্তিনার তিন খেলোয়াড় করোনাভাইরাস থেকে সেরে উঠেছেন বলে জানা গেছে। তারা হলেন- পাত্রিক কুত্রোনে ও দুসান ব্লাহোভিচ।
গত ১৪ মার্চ শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গিয়েছিল পেজেয়ার শরীরে। প্রায় এক মাস কোয়ারেন্টিনে থাকার পর তার ক্লাব ফিওরেন্তিনা দুই দিন আগে নিশ্চিত করেছে প্রাণঘাতী এই ভাইরাস থেকে মুক্তি মিলেছে ২৮ বছর বয়সী আর্জেন্টাইনের।
আর্জেন্টাইন ক্রীড়া দৈনিক ওলেকে এই ডিফেন্ডার বলেছেন, ‘প্রায় এক মাস ঘরবন্দি ছিলাম, ব্যাপারটি মোটেও সহজ নয়। কারও সঙ্গে যোগাযোগ করার সুযোগ পাইনি। কোয়ারেন্টিনের পুরো সময়টা এভাবেই কেটেছে।’
আর্জেন্টিনার জার্সিতে ১৩ ম্যাচ খেলা পেজেয়াকে বলেন, “নিজেকে নিয়ে অনেক আজেবাজে কথা চিন্তা করেছি: ‘কাল সকালে ঘুম থেকে উঠে কি আবার নিঃশ্বাস নিতে পারব আমি। এখনকার চেয়ে অবস্থা আরও খারাপ হবে, নাকি না।”
ভয়কে জয় করে জিতেছেন পেজেয়া। সেড়ে উঠেছেন পুরোপুরি।এরপরও তাকে ঘরবন্দি জীবন কাটাতে হচ্ছে । তবুও এটুকুতেই তার তৃপ্তি, ‘এখন আমি শুধুমাত্র সুপার মার্কেটে যেতে পারছি। এরপরও ঈশ্বরকে ধন্যবাদ, আমরা অনেক ভাগ্যবান যে বাসায় খাবার নিতে পারছি। আমি বাইরে যাচ্ছি না, কারণ রাস্তায় মানুষের সারি। যাই আনতে চান না কেন, আপনাকে বাইরে অপেক্ষা করে আনতে হবে।’

