জেলে শুরু হচ্ছে দাবা খেলা



ভারতের প্রেসিডেন্সি জেলে এবার আসামিরা খেলতে পারবে দাবা। তাদের সে সুযোগ করে দিচ্ছে জেল কর্তৃপক্ষ।

দেশটির বিভিন্ন জেলে সাজাপ্রাপ্ত আসামিদের সংশোধনের জন্য বিভিন্ন ক্রীড়াকর্ম চালু রয়েছে। নাচ, গান, আবৃত্তি শেখানোর পাশাপাশি ফুটবল ও কবাডি দল কয়েদিদের নিয়ে গঠন করা।হয়েছে। তারা বিভিন্ন প্রতিযোগিতাতেও অংশগ্রহণ করছে।

তার ধারাবাহিকতায় প্রেসিডেন্সি জেলে এবার কয়েদিদের জন্য দাবার ব্যবস্থা করা হচ্ছে। উল্লেখ্য জেলে দাবা শুরু করার জন্য রাজ্য দাবা সংস্থাকে চিঠি দিয়েছেন দায়িত্বপ্রাপ্ত কর্তারা। ২০২০ সালের ৩১ মে পর্যন্ত দাবা কোচেদের জেলের ভিতর ঢোকার অনুমতি দেওয়া হয়েছে।

জানা গিয়েছে, দেশের অন্যতম জনপ্রিয় দাবাড়ু সূর্যশেখর গঙ্গোপাধ্যায়ের প্রশিক্ষক এবং জাতীয় কোচ অতনু লাহিড়ী, সহেলি বড়ুয়া এবং রাজ্যের শেষ গ্র্যান্ড মাস্টার সপ্তর্ষী রায়চৌধুরীর কোচ শ্যামল দত্ত ছাড়াও প্রশিক্ষণ দেবেন দেবাশিস মুখোপাধ্যায় এবং মৃণাল বসু।

জেলের তরফে এক পদস্থ কর্মকর্তা বললেন, ‘দাবা খেললে মন শান্ত হয়। অপরাধীদের সংশোধন করতে তাই দাবাকে বেছেছি আমরা। ওরা অনেকেই দাবা খেলেছে একসময়। এটা আমাদের নতুন পদক্ষেপ।’

কলকাতা দাবা সংস্থার সচিব অতীন সেনগুপ্ত উদ্যোগের সাধুবাদ জানান। তিনি বলেন, ‘রাজ্যের নামী দাবাড়ুদের তুলে এনেছেন যে সব কোচেরা, বছরভর অ্যাকাডেমি চালান তাদেরই পাঠানো হচ্ছে সাজাপ্রাপ্তদের দাবা শেখাতে। ওদের আমরা রাজ্য ওপেন দাবায় জেলের দল নামাব। জেল কর্তৃপক্ষ সেটাই চাইছেন।’