জ্বালানি তেলের দাম নিম্নমুখী



আন্তর্জাতিক বাজারে নিম্নমুখী হয়ে পড়েছে জ্বালানি তেলের দাম। গতকাল ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম কমেছে দশমিক ৪ শতাংশ।
এদিন পণ্যটির দাম ব্যারেলপ্রতি ২৮ সেন্ট কমে ৬৭ দশমিক ৬৫ ডলারে লেনদেন হয়। ব্রেন্ট ক্রুডের দামও দশমিক ৪ শতাংশ কমেছে। এদিন পণ্যটির দাম ব্যারেলপ্রতি ৩২ সেন্ট কমে ৭৩ দশমিক শূন্য ৪ ডলারে লেনদেন হয়।
এ বিষয়ে যুক্তরাষ্ট্রের এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশন (ইআইএ) জানিয়েছে, গত ২৭ এপ্রিল শেষ হওয়া সপ্তাহে দেশটিতে অপরিশোধিত জ্বালানি তেলের মজুদ ৬২ লাখ ব্যারেল বেড়ে দাঁড়িয়েছে ৪৩ কোটি ৫৯ লাখ ৬০ হাজার ব্যারেলে। এ সময়ে পণ্যটির দৈনিক উৎপাদন বেড়ে ১ কোটি ৬ লাখ ২০ হাজার ব্যারেলে উন্নীত হয়েছে।
এদিকে জ্বালানি তেল উৎপাদনের দিক দিয়ে যুক্তরাষ্ট্রে বর্তমানে বিশ্বে দ্বিতীয় অবস্থানে আছে। দৈনিক ১ কোটি ১০ লাখ ব্যারেল জ্বালানি তেল উৎপাদন করে এ তালিকায় শীর্ষে আছে রাশিয়া। বিশ্বের শীর্ষ জ্বালানি তেল রফতানিকারক সৌদি আরব আছে তৃতীয় অবস্থানে।
অস্ট্রেলিয়ার রিভকিন সিকিউরিটিজের বিনিয়োগ বিশেষজ্ঞ উইলিয়াম ও’ লোলিন বলেন, ইআইএর প্রতিবেদনে দেখা গেছে, গত সপ্তাহে যুক্তরাষ্ট্রে মজুদ প্রত্যাশার তুলনায় বেশি বেড়েছে। তিনি বলেন, ভালো চাহিদা ও ওপেকের নেতৃত্বে উৎপাদন হ্রাসের কারণে জ্বালানি তেলের দাম তুলনামূলক বেশি।