আর কিছুদিনের মধ্যেই মুক্তি পাচ্ছে বলিউড অভিনেতা সঞ্জয় দত্তের জীবনি নির্ভর সিনেমা ‘সঞ্জু’। সিনেমাটিকে কেন্দ্র করে এখন বলিপাড়ায় টান টান উত্তেজনা। তারকাবহুল সিনেমাটির নির্মান ব্যয়ও কিন্তু কম নয়। অন্তত েই সিনেমায় অভিনয় করা তারকাদের পারিশ্রমিক কিন্তু সেটাই বলছে।
সঞ্জয় দত্তের বায়োপিকে তার জীবনের উত্থান-পতন সবকিছুই তুলে ধরা হয়েছে। জীবনের বিপদ, পতন, লড়াকু মানসিকতা, কারাবন্দি সময়, সন্ত্রাসের অভিযোগ, মাদকাসক্তিসহ নিজের প্রথম ছবি মুক্তির দুদিন আগে মায়ের মৃত্যুশোক এবং বাবার সঙ্গে সম্পর্ক; তার সবকিছুই থাকছে ছবিটিতে। আর তাই সিনেমার মূল আকর্ষণ যে রণবীর সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। এক্ষেত্রে অন্যান্য তারকাদের পর্দায় উপস্থিতি ২০ মিনিটের বেশি হবেনা বলে ধারনা করছেন চলচ্চিত্র বোদ্ধারা।
আসুন এক নজরে দেখে নেই সঞ্জুর জন্য কে কত টাকা নিয়েছেন;

ছোট্ট একটা ক্যামিও চরিত্রে দেখা যাবে টাবুকে। তবে রোলটা ছোট্ট হলেও টাকার অঙ্কটা কিন্তু বিরাট। ‘সঞ্জু’র ওই ছোট চরিত্রটির জন্যই টাবু নাকি নিয়েছেন ৬০ লক্ষ টাকা।

মাধুরী দীক্ষিতের ভূমিকায় এই ছবিতে দেখা যাবে করিশ্মা তন্নাকে। সঞ্জয় দত্তের জীবনে যে কতটা জায়গা জুড়ে মাধুরী ছিলেন, তাই মূলত ফুটিয়ে তুলবেন টেলিভিশনের জনপ্রিয় মুখ করিশ্মা। ছবির প্রযোজকদের মতে ‘সঞ্জু’তে মাত্র ১০-১৫ মিনিটের জন্য দেখা যাবে করিশ্মাকে। আর এই স্বল্প সময়ের জন্য করিশ্মার পারিশ্রমিক নাকি ১ কোটি টাকা।

ছবিতে সঞ্জয় দত্তের বাবা সুনীল দত্তের ভূমিকায় দেখা যাবে পরেশ রাওয়ালকে। আর সেই চরিত্রে অভিনয় করতে নাকি ২-৩ কোটি টাকা নিয়েছেন পরেশ রাওয়াল।

অভিনেত্রী মনীষা কৈরালা আবার অনেক দিন পরে ফিরছেন ‘সঞ্জু’র হাত ধরে। ছবিতে নার্গিস অর্থাৎ সঞ্জয় দত্তের মায়ের ভূমিকায় দেখা যাবে মনীষাকে। আর তার জন্য মনীষা নাকি নিয়েছেন ৩ কোটি টাকার কাছাকাছি।

কামব্যাক করছেন দিয়া মির্জাও। সঞ্জয় দত্তের বর্তমান স্ত্রী মান্যতা দত্তের ভূমিকায় অভিনয় করেছেন দিয়া। আর এই রোলটির জন্য দিয়া নিয়েছেন ৩ কোটি টাকা।

টিনা মুনিম অম্বানী অর্থাৎ সঞ্জয়ের জীবনের প্রথম গার্লফ্রেন্ডের চরিত্রে দেখা যাবে সোনম কপূরকে। ৬ কোটি টাকা নিয়েছেন সোনম এই চরিত্রটির জন্য।

এই ছবির সব থেকে বড় ফ্যাক্টর রণবীর কপূর। প্রযোজক বিধু বিনোদ চোপড়া এবং রাজ কুমার হিরানি আয়োজনের কোনও ত্রুটি রাখেননি রণবীরের জন্য। ছবির জন্য কঠিন কসরৎ তো করতেই হয়েছে রণবীরকে। আর এই সব কিছুর জন্যই রণবীর নাকি নিয়েছেন ২৫ কোটি টাকা।
