টেনিস সম্রাট ফেদেরার




সাকিব আহমেদ

৮ই আগস্ট ১৯৮১ সাল। সুইজারল্যান্ডের বাসেল শহরের বাসেল ক্যান্টনাল হাসপাতালে রবার্ট ফেদেরার ও লাইনেট ফেডেরারের কোল আলো করে জন্ম নেয় ফুটফুটে একপুত্র সন্তান। কে জানত সেদিনের সেই ছেলেটি একদিন টেনিস সম্রাট হিসেবে খ্যাত হবে। টেনিস কোর্ট মাতানো রোজার ফেদেরারের পিতা সুইজারল্যান্ডীয় এবং তার মা একজন সাউথ আফ্রিকান যার পূর্বপুরুষ ডাচ ও ফরাসি প্রটেস্ট্যান্ট।

তিনি ইতিহাসের অন্যতম সফল টেনিস খেলোয়াড়। অনেকের মতে তিনি সর্বকালের সেরাও বটে। তার সর্বমোট গ্র্যান্ডস্লাম জয় রেকর্ড ১৯টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রাফায়েল নাদালের গ্র্যান্ডস্লাম ১৫টি। ২০০৯ সালে উইম্বলডন ওপেন জয়ের মাধ্যমে তিনি পিট সাম্প্রাসের সর্বোচ্চ ১৪ টি গ্র্যান্ডস্লাম জয়ের রেকর্ড ভেঙে ১৫টি গ্র্যান্ডস্লাম জয় করেন।

এছাড়াও ২০০৪ থেকে ২০০৮ সালের শেষদিক পর্যন্ত টানা ২৩৭ সপ্তাহ বিশ্বের এক নম্বর টেনিস তারকা ছিলেন, যা একটি রেকর্ড। তিনি ২০০৪ সালে ম্যাটস উইলন্ডারের পর একমাত্র খেলোয়াড় হিসেবে একই বছর তিনটি গ্র্যান্ডস্লাম জয় করেন। ২০০৬ ও ২০০৭ সালেও একই ঘটনার পুনরাবৃত্তি করেন তিনি।

২০১৭ সালের উইম্বলডনের মাধ্যমে তিনি ১৯টি গ্র্যান্ডস্লাম জিতেন। এছাড়াও তার নামের পাশে ৪টি মাস্টার্স কাপ ও ১৫টি টেনিস মাস্টার্স সিরিজের শিরোপা আছে। ২০০৩ থেকে ২০০৭ ও ২০০৪ থেকে ২০০৮ তিনি পরপর পাঁচ বছর যথাক্রমে উইম্বলডন ওপেন ও ইউএস ওপেন জয়লাভ করেন। তিনি ২০০৮ সালের অলিম্পিকে স্বর্ণ ও ২০১২ এর অলিম্পিকে রৌপ্য পদক পান।

তিনি তার ক্যারিয়ারে রেকর্ড আটবার উইম্বলডন ওপেন, পাঁচবার ইউএস ওপেন, পাঁচবার অস্ট্রেলিয়ান ওপেন ও মাত্র একবার ফ্রেঞ্চ ওপেন জয়লাভ করেন।

এক নজরে রোজার ফেদেরারের গ্র্যান্ডস্লাম জয়ের বছর :

অস্ট্রেলিয়া ওপেন : ২০০৪, ২০০৬, ২০০৭, ২০১০, ২০১৭
ফ্রেঞ্চ ওপেন : ২০০৯
উইম্বলডন ওপেন : ২০০৩, ২০০৪, ২০০৫, ২০০৬, ২০০৭, ২০০৯, ২০১২, ২০১৭
ইউএস ওপেন : ২০০৪, ২০০৫, ২০০৬, ২০০৭, ২০০৮

উল্লেখ্য, তাঁর এতসব কীর্তির জন্য তাঁকে ‘ফেড এক্সপ্রেস’ বা ‘সুইস জাদুকর’ও বলা হয়।