হেলিকপ্টারে করে সহযোগীরা আসল। ভয়ঙ্কর এক খলনায়ক জেল ভেঙ্গে পালিয়ে গেল। চোখের পলকে ঘটা এই ঘটনায় পুলিশ কিছুই করতে পারল না। সিনেমায় আমরা অনেক সময়ই এধরনের দৃশ্য দেখি। তবে বাস্তবেও ঘটেছে এমন ঘটনা।
গতকাল রোববার ফ্রান্সের এক অপরাধী এভাবেই কারাগার থেকে হেলিকপ্টারে করে পালিয়ে গেছেন। তিন সশস্ত্র সহযোগী হেলিকপ্টার নিয়ে কারাগারের ভেতরে এসে তাঁকে নিয়ে পালিয়ে যায়। পুরো এ ঘটনা মাত্র কয়েক মিনিটে শেষ হয়। মনে হতে পারে সিনেমার গল্প।
রেদোয়ান ফাইদ নামের আলজেরীয় বংশোদ্ভূত এই গ্যাংস্টার ছিলেন ২০১৩ সালে ফরাসি পুলিশের ‘মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল’
ফ্রান্সভিত্তিক সংবাদমাধ্যম ইউরোপ-ওয়ান জানিয়েছে, ফাইদ বন্দি ছিলেন প্যারিস অঞ্চলের ‘রু’ কারাগারে। তার তিন সহযোগী ভারী অস্ত্র নিয়ে রোববার বেলা ১১টার দিকে ওই কারাগারের ভেতরে নামে। তারপর কোনো রক্তপাত ছাড়াই ফাইদকে নিয়ে হেলিকপ্টারে করে তারা পালিয়ে যায়। পুরো ঘটনায় সময় লাগে মাত্র কয়েক মিনিট।
পরে ওই কারাগার থেকে ৬০ কিলোমিটার দূরে পোড়া অবস্থায় হেলিকপ্টারটি খুঁজে পায় পুলিশ। তদন্তকারীদের ধারণা, সেখান থেকে গাড়িতে করে পালিয়েছেন রেদোয়ান ফাইদ আর তার তিন সহযোগী।
ইউরোপ-ওয়ানের খবরে বলা হয়, ফাইদকে জেল ভেঙে বের করে আনতে যে হেলিকপ্টারটি ব্যবহার করা হয়েছিল, এক প্রশিক্ষককে আটকে রেখে সেটি ছিনতাই করা হয়। অপারেশন শেষে ওই প্রশিক্ষককে মুক্তিও দেয় তারা।
অবশ্য, ৪৬ বছর বয়সী রেদোয়ান ফাইদের জেল পালানোর ঘটনা এটাই প্রথম নয়। ২০১৩ সালে এক কারাগার থেকে আরেক কারাগারে স্থানান্তরের পর আধা ঘণ্টারও কম সময়ের মধ্যে চার গার্ডকে জিম্মি করেন তিনি। এরপর পাঁচটি দরজা উড়িয়ে দিয়ে তিনি বেরিয়ে এলে গাড়ি নিয়ে অপেক্ষায় থাকা এক সহযোগী তাকে নিয়ে চম্পট দেয়।
