ডলারের দুর্বল অবস্থানে ঊর্ধ্বমুখী স্বর্ণের বাজার



ডলারের দুর্বল অবস্থানে ঊর্ধ্বমুখী হয়ে উঠেছে স্বর্ণের বাজার। গতকাল অগ্রিম চুক্তির বাজারে পণ্যটির দাম বেড়েছে।
আগস্টে সরবরাহের চুক্তিতে স্বর্ণের দাম প্রায় দশমিক ১ শতাংশ বেড়েছে। এদিন পণ্যটির দাম ৬০ সেন্ট বেড়ে আউন্সপ্রতি ১ হাজার ২৫৪ দশমিক ১০ ডলারে লেনদেন হয়। এর আগে গত মঙ্গলবার পণ্যটির দাম ১ শতাংশ বেড়েছিল। যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উপলক্ষে ছুটির কারণে গত বুধবার বাজারে লেনদেন হয়নি।
আইসিইতে ডলার সূচক কমেছে দশমিক ৪ শতাংশ। তবে গত তিন মাসে এ সূচক ৪ দশমিক ৩ শতাংশ বেড়েছে। চলতি বছরের এ পর্যন্ত সূচকটি ২ দশমিক ৪ শতাংশ বেড়েছে।
এফএক্সটিএমের বিশেষজ্ঞ লুকমান ওতুনুগা বলেন, ডলারের দুর্বল অবস্থানে নিম্নমুখী স্বর্ণের বাজার সহায়তা খুঁজে পেয়েছে। পণ্যটির দাম ১ হাজার ২৬০ ডলারে পৌঁছালে তা হবে এক সপ্তাহের মধ্যে সর্বোচ্চ।
তিনি বলেন, ডলারের কারণে স্বর্ণের দাম আরো বাড়ার সম্ভাবনা রয়েছে। তবে মধ্যমেয়াদে পণ্যটির বাজারে নিম্নমুখী প্রবণতা বজায় থাকতে পারে। ডলারের অবস্থান আবারো শক্তিশালী হয়ে ওঠার সম্ভাবনায় চলতি বছর স্বর্ণের বাজারে এখনো দরপতনের ঝুঁকি আছে।