ডলারের দুর্বল অবস্থানে বেড়েছে স্বর্ণের দাম




ডলারের দুর্বল অবস্থানে বেড়েছে স্বর্ণের দাম। গতকাল পণ্যটির দাম এক সপ্তাহের মধ্যে সর্বোচ্চ অবস্থানে পৌঁছে যায়। স্পট মার্কেটে স্বর্ণের দাম বেড়েছে দশমিক ৩ শতাংশ। এদিন পণ্যটি আউন্সপ্রতি ১ হাজার ২৭৮ দশমিক ১০ ডলারে লেনদেন হয়। এর আগে পণ্যটির দাম ১ হাজার ২৮১ দশমিক ৪৩ ডলারে পৌঁছে যায়, যা ২৬ অক্টোবরের পর সর্বোচ্চ। অগ্রিম চুক্তির বাজারে স্বর্ণের দাম বেড়েছে দশমিক ১ শতাংশ। এদিন পণ্যটি আউন্সপ্রতি ১ হাজার ২৭৮ দশমিক ৮০ ডলারে লেনদেন হয়।
ওয়ান্ডার জ্যেষ্ঠ বাজার বিশেষজ্ঞ জেফরি হ্যালি বলেন, চীনা বিনিয়োগকারীদের প্রত্যাবর্তনে বাজার চাঙ্গা হয়ে উঠেছে। চীনে খুচরা পর্যায়ে চাহিদা বৃদ্ধির কারণে স্থানীয় ও বৈশ্বিক উভয় বাজারে পণ্যটির দাম ঊর্ধ্বমুখী।
এদিকে ফেডারেল রিজার্ভের শীর্ষপদে পরিবর্তনকে ঘিরে দুর্বল হয়ে পড়েছে ডলার। গতকাল ইয়েন ও ইউরোর বিপরীতে মুদ্রাটির বিনিময় মূল্য কমেছে। আগামী ফেব্রুয়ারিতে ফেডের প্রধান হিসেবে জ্যানেট ইয়েলেনের মেয়াদ শেষ হবে। নতুন প্রধান নিয়োগের ব্যাপারে গতকাল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিবৃতি দেয়ার কথা ছিল।
গত বুধবার এক বিবৃতিতে ফেডের পক্ষ থেকে সুদহার অপরিবর্তিত রাখার কথা জানানো হয়। একই সঙ্গে আগামী ডিসেম্বরে সুদহার বাড়ানোর ইঙ্গিত দেয়া হয়েছে।
ওসিবিসির বিশেষজ্ঞ বার্নাবাস গ্যান বলেন, এক সপ্তাহ পর্যন্ত স্বর্ণের দাম ১ হাজার ২৭০ ডলারের আশপাশে থাকতে পারে। তবে আগামী ডিসেম্বরে ফেডের সুদহার বাড়ানোর সম্ভাবনা আছে। এখনো স্বর্ণের বাজারে নিম্নমুখী চাপ আছে। চলতি বছর শেষে পণ্যটির দাম ১ হাজার ২৫০ ডলারে নেমে আসতে পারে।
স্বর্ণের বাজার ফেডের সুদহারের প্রতি সংবেদনশীল। সুদহার বাড়লে স্বর্ণের মতো লভ্যাংশ পাওয়া যায় না এমন পণ্যে বিনিয়োগ কমে। একই সঙ্গে ভিন্ন মুদ্রায় লেনদেনকারীদের জন্য স্বর্ণ ব্যয়বহুল হয়ে ওঠে। আবার সুদহার কমালে স্বর্ণের বাজার ঊর্ধ্বমুখী হয়।
বাজার বিশেষজ্ঞ ওয়াং টাও বলেন, বাধা ডিঙিয়ে স্পট মার্কেটে স্বর্ণের দাম বেড়ে ১ হাজার ২৮৩ ডলারে পৌঁছে যেতে পারে।
এদিকে রুপার দাম বেড়েছে দশমিক ১ শতাংশ। এদিন পণ্যটি আউন্সপ্রতি ১৭ দশমিক ১৩ ডলারে লেনদেন হয়। প্লাটিনামের দামও দশমিক ১ শতাংশ বেড়েছে। এদিন পণ্যটি আউন্সপ্রতি ৯৩১ দশমিক ৭০ ডলারে লেনদেন হয়। তবে প্যালাডিয়ামের দাম দশমিক ২ শতাংশ কমেছে। এদিন পণ্যটি আউন্সপ্রতি ১ হাজার ডলারে হাতবদল হয়।