মুহূর্তেই জীবন পাল্টে দেয় অনেক কিছুই। সোনার ডিম পাড়া হাঁসের গল্প তো সবারই জানা। তবে জীবন বদলাতে যে ডাস্টবিনও পারে এ প্রবাদ এবার চালু হতে যাচ্ছে।
দক্ষিণ কোরিয়ার ইনচিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরের এক পরিচ্ছন্নতা কর্মীর জীবন বদলানো অন্তত তাই প্রমাণ করে। নিয়মিত কাজের সময় একটি ময়লা ফেলার বাক্সে তিনি যা পেয়েছেন তা নিয়ে রীতিমত হইচই পড়ে গেছে। সাত সাতটি সোনার বার পেয়ে প্রায় তারকা হয়ে গেছেন তিনি।
আর এতে জীবন তো পাল্টাবেই, কেননা ডাস্টবিনে পাওয়া সাতটি সোনার বারের মূল্য প্রায় ২৮ কোটি টাকা। বারগুলোর প্রতিটির ওজন প্রায় এক কেজি। এগুলো পত্রিকা দিয়ে মোড়ানো ছিলো।
পুলিশের সন্দেহ, ধরা পড়ার ভয়ে কেউ এগুলো ফেলে চলে গেছে। তবে এ মূহুর্তে এসব সোনার বারকে ঘিরে কোন ধরনের অপরাধী বা অপরাধের যোগসূত্র নেই। আর কাউকে যদি মালিক হিসেবে না পাওয়া যায় তাহলে নিয়মানুযায়ী ওই পরিচ্ছন্নতাকর্মী নিজেই এগুলোর মালিকানা দাবি করতে পারবেন। দেশটিতে এ ধরনের খুঁজে পাওয়া দ্রব্যের মালিকানা সংক্রান্ত একটি আইন অনুযায়ী আগামী ছয় মাসের মধ্যে কেউ সোনার বারগুলোর মালিকানা দাবি না করলে ওই পরিচ্ছন্নতাকর্মীই এর মালিক হতে পারবেন।
যদিও দা কোরিয়া টাইমস পত্রিকা বলছে, মালিক হওয়ার পর তিনি সোনার মূল্যের সর্বোচ্চ ২০ শতাংশ পর্যন্ত দাবি করতে পারবেন, তাতেও মিলবে প্রায় ৫৫ লাখ টাকা। তবে এটিও পরিষ্কার নয় যে বাকী অর্থের মালিকানা কে পাবে সরকার নাকি পুলিশ।
কিন্তু যাই হোক, প্রাপ্ত অর্থমূল্যে পাল্টে যাবে ওই পরিচ্ছন্নতা কর্মীর জীবন। জীবন বদলাতে এমন প্রাপ্তি কি যথেষ্ট নয়?
