প্রাণঘাতী নোভেল কারোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। সোমবার (২৫ মে) রাতে গণমাধ্যমকে তিনি নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন।
গতকাল রোববার (২৪) গণস্বাস্থ্যের ল্যাবে পরীক্ষায় তার কোভিড-১৯ পজিটিভ আসে।
তিনি জানান, গতকাল আমার থুথু পজিটিভ হয়েছে। তিনদিন হলে এন্টিবডি পজিটিভ হয়। আগামীকাল মঙ্গলবার এন্টিবডি পজিটিভ হবে।
বর্তমানে আলাদা ঘরে আইসোলেশনে আছেন বলে জানান তিনি।
যুক্তরাজ্যের রয়্যাল কলেজ অব সার্জন্সের এফআরসিএস পড়াকালীন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ শুরু হলে ডা. জাফরুল্লাহ চৌধুরী চূড়ান্ত পর্ব শেষ না করে লন্ডন থেকে ভারতে ফিরে এসে মুক্তিযুদ্ধে অংশ নেন। দেশ স্বাধীন হওয়ার পর সাধারণ মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে তিনি গণস্বাস্থ্য কেন্দ্র প্রতিষ্ঠা করেন। বর্তমানে তিনি গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি।

