ঢাকায় এসে পৌঁছেছেন ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা। দুই দিনের সফরে ঢাকায় এসেছেন তিনি।
সোমবার (২ মার্চ) সকালে বিশেষ ফ্লাইটে ঢাকায় আসেন তিনি। এসময় বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দেবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতের প্রধানমন্ত্রীর ঢাকা সফর সূচি চূড়ান্ত করতে তার এ আগমন।
আগামী ১৭ মার্চ ঢাকায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী অনুষ্ঠানে যোগ দেবেন মোদি।
ঢাকা সফরকালে সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করবেন শ্রিংলা। তিনি একই দিনে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গেও বৈঠক করবেন।
এছাড়া একই দিন তিনি রাজধানীতে ‘বাংলাদেশ-ভারত: একটি প্রতিশ্রুতিবদ্ধ ভবিষ্যৎ’ শীর্ষক এক সেমিনারে অংশ নেবেন। সফর শেষে আগামী মঙ্গলবার শ্রিংলা ঢাকা ত্যাগ করবেন। শ্রিংলার সফরে দুই দেশের মধ্যে কানেক্টিভিটি নিয়ে দু’টি সমঝোতা স্মারক সইয়ের প্রস্তুতি নেওয়া হয়েছে।

