করোনাভাইরাস সংক্রামণ ঠেকাতে আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) থেকে ৪ঠা মার্চ পর্যন্ত সমস্ত অফিস-আদালত বন্ধের ঘোষণা দিয়েছে সরকার।
এই বন্ধে সবাইকে ঘরে নিরাপদে থাকতে বলা হলেও লম্বা ছুটি পেয়ে ঘরমুখো অসংখ্য মানুষ। ফলে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে গাড়ির চাপ বেড়ে যাওয়ায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
জানা গেছে, আজ বৃহস্পতিবার ভোর রাত থেকে বঙ্গবন্ধু সেতু পূর্ব পার থেকে এলেঙ্গা পর্যন্ত ১৫ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে।
এদিকে আজ থেকে দূরপাল্লার বাস বন্ধ থাকায় করোনাভাইরাস আতঙ্কের কথা চিন্তা না করেই ট্রাকে ও পিকআপ ভ্যানে গাদাগাদি করে জীবনের শঙ্কা ও ঝুঁকি নিয়েই বাড়ি ফিরছে যাত্রীরা।
জানা যায়, সরকারি ছুটি ঘোষণার কারণে ঘরমুখো মানুষের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এছাড়াও দূরপাল্লার বাস বন্ধ থাকায় মহাসড়কে বাসের চেয়ে ট্রাকের সংখ্যাই বেশি। ফলে কিছুটা যানজটের সৃষ্টি হয়েছে। যানজট নিরসনে কাজ করছে পুলিশ।

