ঢালিউড অ্যাওয়ার্ডে সানি,ছিলেন না দেশের ৮ শিল্পী



এবারের ‘ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ড’ শুরু থেকেই আলোচনায় ছিলো বলিউডের তারকা সানি লিওনি অংশগ্রহণ নিয়ে। সানি উপস্থিত ছিলেন। নিউইয়র্কের জ্যামাইকা এলাকার আমাজুরা হলে ৭ এপ্রিল মধ্যরাতে জমকালো আয়োজনে শেষ হয়েছে অনুষ্ঠান। তবে বাংলাদেশ থেকে অন্তত ২০ জন তারকার তারকার অনুষ্ঠানে তাকার কথা থাকলেও ছিলেন না অভিনেতা ও বর্তমান সাংসদ আকবর হোসেন পাঠান ফারুক, ইমন, অভিনেত্রী তিশা, প্রভা ও ভাবনাসহ ৮ শিল্পী।

অনুষ্ঠানে বাংলাদেশি শিল্পী-কলাকুশলীদের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেহের আফরোজ শাওন, মিশা সওদাগর, রিজিয়া পারভিন, আবু হেনা রনি, নাদিয়া, পিয়া বিপাশা, নিশাত সাওলা, নাভেদ আহমেদ, ইশরাত পায়েল, সজল, শিরিন শিলা প্রমুখ। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন অভিনেতা জাহিদ হাসান ও সাজু খাদেম।

অনুষ্ঠানে নাচে অংশ নেন বলিউড অভিনেত্রী সাবেক পর্নো তারকা সানি লিওনি। অনুষ্ঠানে সানি লিওনির অংশগ্রহণ নিয়ে শুরু থেকে আলোচনা–সমালোচনা হচ্ছিল। মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন দর্শকেরা।

এক দর্শক বলেন, সাংসদ সুবর্ণা মুস্তাফার মতো একজন গুণী শিল্পী এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তার জন্যই আমি অনুষ্ঠানটিতে এসেছিলাম। কিন্তু তার হাত থেকে পুরস্কার নেওয়ার বিষয়ে বেশির ভাগেরই আগ্রহ ছিল না। সবার আগ্রহ ছিল সানি লিওনির হাত থেকে পুরস্কার নেওয়া ও ছবি তোলায়। আমার কাছে মনে হয়েছে, সুবর্ণা মোস্তফাকে ডেকে এনে অপমান করা হয়েছে। সানি লিওনির নাচের পর দর্শক ব্যাপক হারে কমে যায়। তাহসানের মতো জনপ্রিয় শিল্পী যখন গান করছিলেন, তখন তার সামনে দর্শক ছিল শ’ দেড়েক। এই হলে ৮৫০ আসন রয়েছে। সানির নাচের সময় হল ছিল কানায় কানায় পূর্ণ।

আরেক দর্শক বলেন, এত বড় ও ব্যয়বহুল এই অনুষ্ঠানটি অগোছালো দেখে দুঃখ লাগল। যে শিল্পীরা বাংলাদেশ থেকে এসেছেন তাদেরই পুরস্কার দেওয়া হয়েছে বলে মনে হয়। কিন্তু কোন সিনেমা বা নাটকে অভিনয়ের জন্য বা কোন গানের জন্য এই পুরস্কার দেওয়া হয়েছে তা উল্লেখ করা হয়নি। অনেকেই অবশ্য খুশি দেশের এত তারকাকে এক অনুষ্ঠানে দেখতে পেরে।

কয়েকজন দর্শক আশা প্রকাশ করে বলেন,এমন অনুষ্ঠানের আয়োজন নিয়মিত হোক,নিউইয়র্কে এত বড় বাংলাদেশি অনুষ্ঠান তো হয়ই না।