সম্প্রতি কয়েকটি সংবাদমাধ্যম জানিয়েছিল, সালমান খানকে নিয়ে নির্মাতা বানসালি একটি রোমান্টিক গল্প নিয়ে ছবি বানানোর উদ্যোগ নিয়েছেন।
সংবাদটি ফিকে হয়েই এসেছিলো,বিষয়টি নতুন করে আলোচনায় এনেছেন প্রিয়াংকা চোপড়া।
করণ জোহর সঞ্চালিত কফি উইথ করণ অনুষ্ঠানে এসে প্রিয়াংকা জানিয়েছেন, তিনি বানসালির সঙ্গে সাক্ষাৎ করেছেন।
এ শোতে প্রিয়াংকা তার ব্যক্তিগত ও পেশাদারি জীবনের আদ্যোপান্ত প্রকাশ করেছেন। এক পর্যায়ে করণ প্রিয়াংকার কাছে প্রশ্ন করে বসেন, সঞ্জয়লীলা বানসালি এবং বিশাল ভরদ্বাজ এ দুই নির্মাতার মধ্যে কার সঙ্গে কাজ করতে আপনি আগ্রহী?
উত্তরে প্রিয়াংকা বলেন, ‘আমি এ দুজনের সঙ্গেই কথা বলছি।’
এমন পরিস্থিতির মধ্যে যখন প্রিয়াংকা নিজেই স্বীকার করলেন তিনি বানসালির সঙ্গে কথাবার্তা বলছেন, ঠিক তখন কানাঘুষা শুরু হয়েছে, প্রিয়াংকা সম্ভবত সালমানের বিপরীতে বানসালির পরের ছবিতে অভিনয় করবেন।
আর যদি এমনটিই হয়, তাহলে বলিউড এবার হয়তো আরো একটি চমকে ঠাসা ছবি উপহার পেতে যাচ্ছে বানসালি-সালমান-প্রিয়াংকার কাছ থেকে।

