বৃটেনে আরও হামলার আশংকায় সতর্কতা জারি




যুক্তরাজ্যের লন্ডনে টিউব রেলে বোমা হামলার পর বৃটেন জুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। পুরো যুক্তরাজ্য জুরে এক হাজার সশস্ত্র পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে কতৃপক্ষ।
গত শুক্রবার দেশটির প্রধানমন্ত্রী টেরিজা মে এই সংকটকালীন সর্বোচ্চ সতর্কতা জারি করেন।
টেলিভিশনে প্রচারিত ভাষণে মে ব্রিটেনের রাস্তায় সশস্ত্র পুলিশ দেখে জনগণকে আতঙ্কিত না হতে অনুরোধ করেছেন।
মে বলেন, ‘এটি (সর্বোচ্চ সতর্কতা জারি) অত্যন্ত যৌক্তিক ও বিচক্ষণ পদক্ষেপ যা বোমা হামলার তদন্তের মধ্যেও অতিরিক্ত নিরাপত্তা ও ভরসা যোগাবে। গতকাল আমরা একটি কাপুরুষোচিত ও নির্বিচার হামলা লক্ষ্য করেছি, যা অনেক লোকের প্রাণ কেড়ে নিতে পারতো; অন্য হামলাগুলো লন্ডনকে দমাতে পারেনি, এটাও পারবে না।’
সতর্কতার মাত্রা নিয়ে প্রধানমন্ত্রীর ভাষণের পর শনিবার ওয়েস্টমিনস্টারের সরকারি বিভাগগুলোর কাছাকাছি লন্ডনের রাস্তায় সশস্ত্র পুলিশকে টহল দিতে দেখা গেছে। ওয়েম্বলির ন্যাশনাল স্টেডিয়ামসহ প্রিমিয়ার লীগের ফুটবল ম্যাচের মাঠগুলোর চারপাশেও ছিল কড়া নিরাপত্তা।
জনগণকে আশ্বস্ত করতে ব্রিটিশ পুলিশের সর্বোচ্চ কর্মকর্তা ক্রেসিডা ডিকও টেমস নদীর দক্ষিণ তীরসংলগ্ন এন্টারটেইনমেন্ট জেলাগুলোর টহলে সহকর্মীদের সঙ্গে যোগ দেন।
এদিকে হামলার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ শনিবার ডোবারের একটি বন্দরের বহির্গমন এলাকা থেকে ১৮ বছর বয়সী এক যুবককে গ্রেপ্তার করেছে। ওই যুবককে গ্রেপ্তারের পর কর্মকর্তারা বন্দর এলাকার একাংশ খালি করে ফেলেন এবং কিছু জিনিস উদ্ধার করেন; যদিও এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি পুলিশ।
এর কয়েক ঘণ্টা পর পুলিশ দক্ষিণ-পশ্চিম লন্ডনের একটি বাড়িতেও অভিযান চালায়। সতর্কতার অংশ হিসেবে ওই বাড়িটির আশপাশের এলাকাও খালি করে ফেলা হয়।
সানবেরি থেকে ১৮ কিলোমিটার দূরেই পারসন্স গ্রিন ট্রেন স্টেশন, যেখানে শুক্রবার সকালে বোমা বিস্ফোরণের ঘটনাটি ঘটে। ওই বিস্ফোরণে কেউ নিহত না হলেও অগ্নিদগ্ধ ও হুড়োহুড়িতে অন্তত ৩০ জন আহত হন। ঘরে তৈরি বোমাটি একটি টাইমারের সঙ্গে আটকানো ছিল বলে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরে জানা গেছে; বিস্ফোরণের পর সেখানে আগুন ধরে যায়। বোমাটি পুরো মাত্রায় বিস্ফোরিত হলে তা অনেকেরই প্রাণ কেড়ে নিত বলে মনে করছেন কর্মকর্তারা।