বাংলাদেশ ক্রিকেটে দীর্ঘ পথচলায় রেকর্ড, অর্জনের ছবি অনেক এঁকেছে তার ব্যাট। জয়ের দ্বারপ্রান্তে দলকে নিয়ে গেছেন বহুবার। কখনো পেরেছেন, কখনো বা হেরেছেন। শেষ করে আসার চেষ্টা করেও ব্যর্থ।
তবুও মুশফিকুর রহিম জিতেছেন। দেখতে দেখতে ১০০ টি জয়ের সুবাস পেতে মাত্র একটি জয় দূরে তিনি।
জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে জয়টি ছিল বাংলাদেশের হয়ে মুশফিকের ৯৯তম জয়। আজ সিলেটের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জিতলেও জয়ের সেঞ্চুরি করবেন বাংলাদেশ ক্রিকেটের অন্যতম ভরসা, প্রবীণ এ সদস্য।
দ্বিতীয় ওয়ানডের আগের দিন সোমবার বাংলাদেশ দলের ছিল ঐচ্ছিক অনুশীলন। তবে মুশফিক ঐচ্ছিক অনুশীলনে বরাবরই নিয়মিত মুখ। দীর্ঘ সময় অনুশীলনে ঘাম ঝরানোর পর এ বিষয়ে তাকে জিজ্ঞেস করা হলে খুব অবাক হয়ে ওঠেন মি. ডিপেন্ডেবল।
তিনি বলেন, ‘লম্বা সময় বাংলাদেশের হয়ে খেলতে পেরেছি বলেই ১০০ জয় হতে যাচ্ছে। মাশরাফি ভাই, সাকিব, তামিমরাও অনেক বছর ধরে খেলছে। আমি সৌভাগ্যবান যে সব ঠিক থাকলে সবার আগে ১০০ জয় আমার হচ্ছে।’
এই অর্জনকে নিজের অর্জন হিসেবে মনে করছেন তিনি। মুশফিক বলেন, ‘দলের জয়ই আমাদের কাছে শেষ কথা। ১০০টি জয় দেখতে পারছি দলের, অনেক বড় ব্যাপার এটি। আমার ক্যারিয়ারের সেরা অর্জনগুলোর একটি হবে এটি।’
২১৭ ওয়ানডে খেলে আপাতত ৯৯ জয় মুশফিকের। বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে তার পরেই আছেন মাশরাফি। ৯৭টি ওয়ানডে জয়ের স্বাদ পেয়েছেন তিনি, তবে বাংলাদেশের হয়ে জিতেছেন ২১৬ ম্যাচের ৯৫টি। তার বাকি দুটি জয় এশিয়া একাদশের হয়ে আফ্রিকা একাদশের বিপক্ষে।

