তাপমাত্রা ভেঙ্গে দিয়েছে ৫০ বছরের রেকর্ড



তীব্র শৈত্যপ্রবাহে কাঁপছে সারাদেশ। গত ৫০ বছরের রেকর্ড ভেঙে দেশের উত্তরের শেষ প্রান্ত পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় সর্বনিম্ন তাপমাত্রা ২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আরও দু-এক দিন এই শৈত্যপ্রবাহ থাকবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।
আজ সোমবার আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে এ তথ্য জানিয়েছে।
এ বিষয়ে আবহাওয়া অধিদপ্তরের সূত্রে জানা গেছে, সকাল ছয়টার দিকে সৈয়দপুরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ২ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। ভোরের পর আরেক দফা তাপমাত্রা কমে যায়। সকাল নয়টার দিকে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। গত ৫০ বছরে এটা দেশের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড। এর আগে ১৯৬৮ সালের ৪ ফেব্রুয়ারি শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এরপর ২০১৩ সালের ১০ জানুয়ারি সৈয়দপুরে সর্বনিম্ন তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। সৈয়দপুরের পর নীলফামারীর ডিমলায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে। ঢাকায় ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। সারা দেশে আরও দু-এক দিন এমন পরিস্থিতি থাকবে। ১০ জানুয়ারির পর সারা দেশে তাপমাত্রা বাড়বে।
এদিকে রাজধানী ঢাকায় মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে চলেছে। এখানে সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। আরও দু-এক দিন এই শৈত্যপ্রবাহ থাকবে।
গতকাল রোববার দেশে সর্বনিম্ন তাপমাত্রা ছিল দিনাজপুরে ৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এরপরে রাজশাহীতে ঠান্ডা ছিল বেশি। সেখানকার তাপমাত্রা ছিল ৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল কক্সবাজারের টেকনাফে ২৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
সাধারণত তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামলে সেই পরিস্থিতিকে শৈত্যপ্রবাহ ধরা হয়। তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রির মধ্যে থাকলে তাকে বলা হয় মৃদু শৈত্যপ্রবাহ। ৬ থেকে ৮ ডিগ্রি থাকলে তাকে বলা হয় মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ এবং তাপমাত্রা ৬ ডিগ্রির নিচে নামলে বলা হয় তীব্র শৈত্যপ্রবাহ। দেশের বিভিন্ন অঞ্চল থেকে শীতজনিত রোগের প্রকোপ বৃদ্ধির খবর পাওয়া গেছে। তীব্র ঠাণ্ডা সহ্য করতে না পেরে খড়কুটো জ্বালিয়ে সাধারণ মানুষ শীত নিবারণের চেষ্টা চালাচ্ছে। কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ ছিল। ফলে দেখা দিয়েছে তীব্র যানজট।