‘যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাসপোর্ট জমা দিয়েছেন তারেক রহমান’




বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর স্ত্রী-কন্যা তাঁদের পাসপোর্ট যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সমর্পণ করেছেন; হিসাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এখন আর বাংলাদেশের নাগরিক নন বলে দাবি করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
আজ সোমবার সন্ধ্যায় গুলশানে নিজ বাসায় শাহরিয়ার আলম সাংবাদিকদের কাছে এ কথা বলেন।

তিনি সংবাদ সম্মেলনের পর ফেসবুকে তারেকের পাসপোর্ট, যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠি তুলে দিয়ে লিখেছেন, “যে তথ্য প্রমাণ তারা চেয়েছিলো, নীচে দেয়া হলো।”

শাহরিয়ার আলম বলেন, ২০০৮ সালে তারেক রহমান পাসপোর্টের মেয়াদ বাড়ানোর আবেদন করেন। তখন মেয়াদ বাড়িয়ে ২০১৩ সালের ডিসেম্বর পর্যন্ত করা হয়। এরপর তিনি আর মেয়াদ বাড়ানোর আবেদন করেননি। ২০১৪ সালের ২ জুন তিনি যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সপরিবারে পাসপোর্ট জমা দেন। সেখান থেকে তা বাংলাদেশের হাইকমিশনে আসে। তিনি বলেন, বিএনপির কেউ দেখতে চাইলে বা আইনগতভাবে কেউ চাইলে এ ব্যাপারে পদক্ষেপ নেওয়া হবে।

পাসপোর্ট জমা দেওয়ায় তারেক রহমানের নাগরিকত্ব কি থাকল না—এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বিদেশে পাসপোর্ট ছাড়া থাকার বিষয়টি ভিন্ন। এখন তো তাঁর কাছে বাংলাদেশের কোনো পরিচয়পত্র থাকল না। কেননা তাঁর কাছে স্মার্ট পরিচয়পত্র নেই। ২০০৮ সালে এটি ছিল না। একমাত্র পরিচয়পত্র ছিল পাসপোর্ট। সেটিও তিনি জমা দিয়েছেন।
তারেক রহমান কি যুক্তরাজ্যের নাগরিকত্ব নিয়েছেন কি না, সে ব্যাপারে জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, এটি তারেক রহমানকে জিজ্ঞেস করুন। শাহরিয়ার আলম বলেন, তারেক রহমান তৃতীয় কোনো দেশের নাগরিকত্ব নিয়েছেন কি না, সেটা তিনিই (তারেক) বলতে পারবেন।

মা খালেদা জিয়া কারাগারে যাওয়ার পর তারেক প্রবাসে থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব নেওয়ার আড়াই মাসের মাথায় গত শনিবার লন্ডনে শাহরিয়ার জানিয়েছিলেন, তারেক বাংলাদেশি পাসপোর্ট ত্যাগ করেছেন।

এর প্রতিক্রিয়ায় শাহরিয়ারকে আইনি নোটিস পাঠান বিএনপির এক আইনজীবী। বিএনপির পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে রুহুল কবির রিজভী সরকারকে বলেন, তারেক রহমান পাসপোর্ট জমা দিয়ে  থাকলে তা দেখান। এরপর সন্ধ্যায় নথিপত্র নিয়ে নিজের বাসায় সাংবাদিকদের সামনে উপস্থিত হন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।