ভয়াবহ বোমা হামলায় শ্রীলঙ্কা এখন রক্তাক্ত। ২৯০ জনের প্রাণহানির ঘটনায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে আজ মঙ্গলবার সকালে তিন মিনিটের নীরবতা পালন করেছেন শ্রীলঙ্কাবাসী।
গত রোববার সকাল সাড়ে আটটার দিকেই প্রথম বোমা হামলায় হয় শ্রীলঙ্কায়। এ কারণেই সে সময় বেছে নিয়েছে শ্রীলঙ্কাবাসী। আজ ঠিক সে সময়েই জাতীয় পতাকা নমিত রাখা হয়। সবাই মাথা নুইয়ে শ্রদ্ধা জানান নিহতদের।
আজ (২৩ এপ্রিল) শ্রীলঙ্কা সরকার জাতীয় শোক দিবস ঘোষণা করেছে। সব সরকারি প্রতিষ্ঠানে আজ দেশটির জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। রেডিও ও টিভি চ্যানেলে বাজছে বেদনার সুর।
কলম্বোর সেন্ট অ্যান্থনি শ্রিনে দুইদিন আগে, রোববার সকালে প্রথম আত্মঘাতী বোমা বিস্ফোরিত হয়। সেখানেই সমবেত হন মানুষ। হাতে মোমবাতি নিয়ে জড়ো হন।ল শ্রদ্ধা জানাতে। এ সময় তাঁরা চোখ বন্ধ করে দুই হাত একসঙ্গে রাখেন। তিন মিনিটের জন্য স্তব্ধ হয়ে যায় গোটা শ্রীলঙ্কা।
গত রোববার সকালে থেকে শ্রীলঙ্কায় তিনটি গির্জা, তিনটি হোটেল ও আরও কয়েকটি জায়গায় একের পর এক হামলা চলে। এতে ২৯০ জনের প্রাণহানির পাশাপাশি আহত হয় কমপক্ষে ৫০০ জন।
এই ঘটনার দায় স্বীকার করেছে জামাত আল-তাওহিদ আল-ওয়াতানিয়া নামের একটি জঙ্গিগোষ্ঠী দুবাইভিত্তিক আল অ্যারাবিয়া টেলিভিশন চ্যানেলকে উদ্ধৃত করে একথা জানিয়েছে রুশ বার্তা সংস্থা তাস।

