মিয়ানমারের রাখাইন থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের মধ্যে ত্রাণ কার্যক্রমে সমন্বয়হীনতা এবং বিশৃঙ্খলার অভিযোগ তুলছেন স্থানীয়রা। তবে স্থানীয় প্রশাসন দাবি করছে গত চার দিনে তারা প্রায় আশি শতাংশ শৃঙ্খলা ফিরিয়ে আনতে সক্ষম হয়েছেন।
বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা কয়েক লক্ষ মানুষের মধ্যে ত্রাণ বিতরণে হযবরল অবস্থা দেখা দিয়েছে। এসব রোহিঙ্গাদের সাহায্যের জন্য ত্রাণ সহায়তা আসছে বিভিন্ন স্থান থেকে। বিভিন্ন সংগঠন থেকে শুরু করে ব্যক্তি পর্যায়ে দেয়া হচ্ছে নানা ধরনের ত্রাণ সহায়তা। ব্যক্তিগত উদ্যোগ ছাড়াও বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় সংগঠনের পক্ষ থেকে খাদ্য,বস্ত্র, ওষুধ, নিত্যপ্রয়োজনীয় জিনিস নেয়া হচ্ছে সেখানে।
পুরো কক্সবাজার এলাকায় এখন ১৭টি ত্রাণকেন্দ্র তৈরি করা হয়েছে। যারা ত্রাণ দিতে চান তারা প্রশাসনের কাছে জমা দিচ্ছেন। সেখান থেকেই রোহিঙ্গাদের মাঝে ত্রাণ বন্টনের চেষ্টা করা হচ্ছে। তবে কয়েক লক্ষ মানুষের মধ্যে সুষ্ঠুভাবে ত্রাণ বিতরণ যে একটা বিরাট চ্যালেঞ্জের ব্যাপার সেটা প্রশাসনের কর্তাব্যক্তিরাও স্বীকার করছেন।
উখিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মাইনউদ্দিন বলছিলেন শুরুতে সেই সমস্যা থাকলেও, ত্রাণ নিয়ে বিশৃঙ্খলা এখন তারা ৮০ শতাংশ সামলে উঠেছেন।
তিনি বলেন, ‘গত চার দিন থেকে আশি শতাংশ শৃঙ্খলা ফিরে এসেছে। আমরা যখন কন্ট্রোল রুম চালু করলাম আর ডিস্ট্রিবিউশন পয়েন্ট ঠিক করলাম, তখন থেকে অনেক শৃঙ্খলা ফিরেছে। আর কদিনের মধ্যে পুরোপুরি এ বিষয়টা শৃঙ্খলার মধ্যে চলে আসবে। গত সপ্তাহে কক্সবাজারে অবস্থানের সময় দুইটি উপজেলায় যে ত্রাণ নিয়ে বিশৃঙ্খলা তৈরি হয়েছিল তা আমার নজরে পড়েছে। পুরাতন কাপড় ভর্তি ট্রাক সেখানে যাচ্ছিল এবং রাস্তার পাশে বসে থাকা মানুষদের দিকে ছুঁড়ে দিচ্ছিল। আবার একটু পরেই দেখেছি সেই সব কাপড় রোহিঙ্গারা ফেলে দিয়েছে, জানতে চাইলে তারা বলেছে পুরাতন কাপড়ের দরকার নেই তাদের। তাদের দরকার আশ্রয় এবং খাদ্য। এছাড়া যেকোনো ত্রাণের গাড়ী দেখলেই শত শত রোহিঙ্গা সেদিকে ছুটে যেতে দেখেছি। নিয়মতান্ত্রিকভাবে সেসব ত্রাণ বন্টন করা যায়নি।’
