করোনা পরিস্থিতিতে নিম্ন আয়ের মানুষদের জন্য ত্রাণ দিচ্ছে ব্রাজিল সরকার। সেই ত্রানের জন্যই কি না আবেদন করলেন ব্রাজিলের পোস্টার বয় নেইমার।
ব্রাজিল সরকারের দেওয়া ত্রানের তালিকায় আছে নেইমারের নাম। এমনই ব্রিবতকর এক পরিস্থিতিতে পড়েছেন পিএসজির ব্রাজিলিয়ান তারকা ফরোয়ার্ড।
জানা গেছে, নেইমারের নাম, জন্মতারিখ আর আইডি নাম্বার দিয়ে কে বা কারা যেন করোনার ত্রাণের জন্য আবেদন করেছেন। স্থানীয় নিউজ সাইট ‘ইউওএল’- এর রিপোর্টে বলা হয়, প্রাথমিকভাবে সে আবেদন মঞ্জুরও করা হয়েছিল, পরে যাচাই বাছাই করে বাদ দেয়া হয় তালিকা থেকে।
বেসরকারি খাতে পরিচ্ছন্ন কর্মী বা বাবুর্চির কাজ করে এমন নিম্নবিত্ত মানুষের জন্য জরুরী ভিত্তিতে এই অর্থ সহায়তার উদ্যোগ নেয়া হয়েছে ব্রাজিল সরকারের পক্ষ থেকে। কারণ করোনা মহামারির সময় ঘরে থাকার কারণে তাদের আয় রোজগারের পথ বন্ধ হয়ে গেছে।
ব্রাজিলিয়ান ৬০০ রিয়াল ত্রাণ পাওয়াদের তালিকায় নেইমারের নাম উঠে যাওয়ার বিষয়টি নিয়ে তার মুখপাত্র তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে তিনি বলেন, ‘নেইমার যে এই আবেদন করেননি সেটি তো নিশ্চিত, কে করেছে সেটিও আমরা জানি না।’
চলতি বছরেই এখন পর্যন্ত আয় করেছেন ৯৫.৫ মিলিয়ন ডলার (বাংলাদেশি মুদ্রায় ৮১১ কোটি ২২ লাখ টাকার মতো)। বিশ্বের অন্যতম ধনী ফুটবলারের নাম কিভাবে এ ত্রানের তালিকায় উঠল তা এখন পর্যন্ত জানা যায় নি।

