দক্ষিণ কোরিয়ার সিনেমা অস্কার জেতায় হতাশ ট্রাম্প


parasite #paperslife

চলতি বছর অস্কার জিতে ইতিহাস গড়েছে দক্ষিণ কোরীয় সিনেমা ‘প্যারাসাইট’। বিদেশি ভাষার চলচ্চিত্র অস্কারের সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতে ৯২ বছরের ইতিহাস ভেঙে দিয়ে মোট চারটি ক্যাটাগরিতে পুরস্কার জিতেছে দক্ষিণ কোরীয় সিনেমাটি।

কিন্তু ‘প্যারাসাইট’ এর এই একাডেমি অ্যাওয়ার্ড অব মেরিট প্রাপ্তিকে ভালোভাবে নেননি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বৃহস্পতিবার দেশটির কলোরাডো অঙ্গরাজ্যে একটি নির্বাচনী সভায় আগত ব্যক্তিদের উদ্দেশ্যে কঠোর সমালোচনা করে ট্রাম্প বলেন, চলতি বছরের একাডেমি অ্যাওয়ার্ড কতটা খারাপ ছিল?

চলচ্চিত্রের ভালোমন্দ বিচারেও দ্বিপক্ষীয় ব্যবসা-বাণিজ্যকে টেনে এনে মার্কিন প্রেসিডেন্ট বলেন ‘দক্ষিণ কোরিয়ার সঙ্গে বাণিজ্যসহ আমাদের অনেক সমস্যা আছে। এরপরও প্যারাসাইটকে কর্তৃপক্ষ সেরা চলচ্চিত্রের পুরস্কার দিয়েছে?’

সম্ভবত চলচ্চিত্রটি তিনি দেখেননি কারণ তিনি বলেছেন, ‘এটা কি ভালো চলচ্চিত্র? আমি জানি না।’

ট্রাম্প আরও বলেন, ‘এই চলচ্চিত্র যদি ভালোও হয়, তবে সেরা বিদেশি ভাষার চলচ্চিত্র ক্যাটাগরিতে পুরস্কার পেতে পারত। কিন্তু না, এটা সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতলো। এমনটা কি হয়েছে এর আগে?’

প্যারাসাইট সিনেমায় দেখানো হয়েছে মধ্যবিত্তের বাস্তবতার রঙিন মিশ্রণ, যেখানে বং জুন-হো তুলে এনেছেন শ্রেণিভেদের গল্প। আর একারণেই হয়ত ছবিটি সেরা সিনেমা, সেরা পরিচালকসহ চারটি ক্যাটাগরিতে পুরস্কার জিতে নিয়েছে।