প্রাণঘাতী করোনায় এখন পর্যন্ত বিশ্বে ৮২ হাজার ১০০ জন শনাক্ত হয়েছে এবং মারা গেছে ২ হাজার ৮০০ জন। চীনের মূল ভূখণ্ডের বাইরে সংক্রমিত হয়েছে ৩ হাজার ৬০০ জন এবং মারা গেছে অন্তত ৫০ জন। ৪৫টির বেশি দেশে ভাইরাসটির বিস্তার হয়েছে। সর্বশেষ সংক্রমণের বিস্তার ঘটা ৯টি দেশ হলো রোমানিয়া, আলজেরিয়া, অস্ট্রিয়া, ক্রোয়েশিয়া, জর্জিয়া, গ্রিস, নরওয়ে, পাকিস্তান ও সুইজারল্যান্ড।
যুক্তরাষ্ট্রের স্বাধীন ও অলাভজনক গবেষণা প্রতিষ্ঠান জনস হপকিন্স সেন্টার ফর হেলথ সিকিউরিটির এ তথ্য জানিয়েছে।
করোনা ভাইরাসের সংক্রমণ চীনের পর সবচেয়ে বেশি ঘটেছে দক্ষিণ কোরিয়ায়। দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ গতকাল বৃহস্পতিবার নতুন করে ৫০৫ জন সংক্রমিত হওয়ার কথা জানিয়েছে। এ নিয়ে দক্ষিণ কোরিয়ায় আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১ হাজার ৭৬৬। দক্ষিণ কোরিয়ায় নতুন সংক্রমিত ব্যক্তিদের মধ্যে ৪২২ জনই দায়েগু শহরে।
দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে ১৩ হয়েছে। গতকাল দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের দোকানে দোকানে মাস্ক কিনতে দীর্ঘ সারি দেখা গেছে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় মার্কিন নাগরিকদের দক্ষিণ কোরিয়ায় ‘ভ্রমণ পুনর্বিবেচনা’ করার আহ্বান জানিয়েছে। আসন্ন যৌথ সামরিক মহড়া স্থগিত করার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া।
এশিয়ার দেশগুলোর পর সবচেয়ে বেশি প্রাদুর্ভাব ঘটেছে ইউরোপের দেশ ইতালিতে। অন্তত ৪০০ জন সংক্রমিত হয়েছে। এ মহাদেশের অন্তত ১১টি দেশে করোনাভাইরাসের বিস্তার ঘটেছে।

