আজ রবিবার পর্দা নেমেছে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। ফাইনালে ভারতকে ৮৫ রানে হারিয়ে পঞ্চমবারের মতো শিরোপা জিতলো অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল।
এই বিশ্বকাপ দর্শকসংখ্যায় সব রেকর্ড ভেঙে দিয়েছে। এর আগে মেয়েদের ক্রিকেট নিয়ে এমন উন্মাদনা দেখা যায়নি। টিভি ও ডিজিটাল দুনিয়ায় নতুন রেকর্ড স্থাপন করল এই বিশ্বকাপ। আজকের ফাইনালে মেলবোর্নের গ্যালারি ছিল কানায় কানায় ভর্তি।
ফাইনালের আগে পর্যন্ত বিশ্বকাপের ৭০ কোটিরও বেশি ভিডিও দেখেছেন ক্রিকেটপ্রেমীরা। এর আগে ২০১৭ সালে মেয়েদের ৫০ ওভারের বিশ্বকাপে মোট ১০ কোটি ভিডিও দেখেছিলেন ক্রিকেটপ্রেমীরা।
সরাসরি সম্প্রচার ছাড়াও দেখানো হচ্ছে হাইলাইটস। উদ্বোধনী ম্যাচে ভারত-অস্ট্রেলিয়ার লড়াই সব ধরনের প্ল্যাটফর্ম মিলিয়ে দেখেছেন প্রায় ৪ লক্ষ ৪৮ হাজার দর্শক। অস্ট্রেলিয়াতে মেয়েদের ক্রিকেটে সবচেয়ে বেশি দর্শকের তালিকায় এটা দ্বিতীয়। ভারতে এই ম্যাচ দেখেছিলেন দুই কোটি দর্শক। ভারতে সামগ্রিক ভাবে বিশ্বকাপের ম্যাচের দর্শক সংখ্যা অনেক বেড়েছে।

