তিরিপানোর বল আলতো করে কাট, বল সীমানা পেরিয়ে চার। এতেই সাত হাজার রানের পরিবারের সদস্য হলেন তামিম ইকবাল খান। প্রথম বাংলাদেশি হিসেবে এমন কীর্তি গড়েন তিনি।
৮ মাস এবং ৭ ম্যাচ পর হাফসেঞ্চুরি পান তিনি। রানের ফোয়ারা ছুটিয়ে রান তুলেছেন দ্রুত গতিতে। ১০৬ বলে ক্যারিয়ারের দ্বাদশ সেঞ্চুরি তুলে নেন এই বাঁহাতি ওপেনার।
এ রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩৭ ওভার শেষে ৩ উইকেটে ২০০ রান। তামিম ১০১ রান নিয়ে ব্যাট করছেন। ২৫ রান নিয়ে তাকে সঙ্গ দিচ্ছেন মুশফিকুর রহিম।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ম্যাচে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। প্রথম ম্যাচেও টস জেতেন তিনি। প্রথম ওয়ানডেতে দাপুটে জয়ে তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে টাইগাররা।
দ্বিতীয় ওয়ানডে জিতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিততে চান তারা। সেই লক্ষ্যে শুরুটা দারুণ করেন দুই ওপেনার তামিম ইকবাল ও লিটন দাস। উদ্বোধনী জুটিতে ৩৮ রান তোলেন তারা।
এ পথে জিম্বাবুয়ের বিপক্ষে দেশের হয়ে ওয়ানডেতে সবচেয়ে বেশি রান করার রেকর্ড গড়েন তামিম। টপকে যান বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে।
দুর্ভাগ্যক্রমে রানআউট হয়ে ফেরেন লিটন। ড্যাশিং ওপেনারের ড্রাইভ ঠিকমতো ফেরাতে পারেননি বোলার কার্ল মুম্বা। তার হাতে লেগে বল আঘাত হানে স্টাম্পে। বেশ কিছুটা এগিয়ে থাকা লিটন চেষ্টা করেও সময়মতো ক্রিজে ফিরতে পারেননি। সেই রেশ না কাটতেই তামিমের সঙ্গে ভুল বোঝাবুঝির শিকার হয়ে রানআউটে কাটা পড়েন নাজমুল হোসেন শান্ত।
দ্রুত গতিতে রান তোলে ৩৭ তম অর্ধশতক তুলে নেন মুশফিকুর রহিম। ৫০ বলে ৫৫ রান করে ওয়েসলি মাধেভেরের বলে আউট হন তিনি।
ম্যাচে দুটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। একাদশে নেই পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। আগের ম্যাচে জিম্বাবুয়েকে ব্যাট-বল হাতে উড়িয়ে দেন তিনি। বাদ পড়েছেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। দুজনকেই বিশ্রাম দেয়া হয়েছে।
তাদের স্থানে দলে ফিরেছেন দুই ডানহাতি পেসার শফিউল ইসলাম ও আল- আমিন হোসেন। গেল বছর জুলাইয়ে শ্রীলংকায় সবশেষ খেলেন শফিউল। আর আল- আমিন সবশেষ খেলেন ২০১৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), শফিউল ইসলাম, তাইজুল ইসলাম ও আল-আমিন হোসেন।
জিম্বাবুয়ে একাদশ: শন উইলিয়ামস (অধিনায়ক), টিনাশে কামুনহুকামউই, ব্রেন্ডন টেলর, সিকান্দার রাজা, ওয়েসলি মাধেভেরে, রেজিস চাকাভা, রিচমন্ড মুতুমবামি, তিনোতেন্ডা মাতুমবোদজি, ডোনাল্ড তিরিপানো, কার্ল মুম্বা ও চার্লটন টিসুমা।

