ভারতের অন্যতম রফতানিপণ্য পেঁয়াজ। প্রতি বছর ভারত থেকে বাংলাদেশসহ বিভিন্ন দেশে পণ্যটি রফতানি হয়। কিছুদিন থেকে দেশটির বাজারে পেঁয়াজের দাম আকাশ ছুঁয়েছে। মূলত অধিক বৃষ্টিপাত ও বন্যার কারণে উৎপাদন ব্যাহত হওয়ায় সরবরাহ সংকটের জের ধরে পণ্যটির দাম বেড়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এমন পরিস্থিতিতে মূল্যবৃদ্ধির লাগাম টানতে আমদানি করে অভ্যন্তরীণ বাজারে পেঁয়াজের সরবরাহ সংকট দূর করার পরিকল্পনা করেছে ভারত সরকার। দেশটির কৃষি মন্ত্রণালয়সংশ্লিষ্ট সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে বিজনেস রেকর্ডার।
ভারতের কৃষি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত এপ্রিলে দেশটির বাজারে খুচরা পর্যায়ে প্রতি কেজি পেঁয়াজের দাম ছিল ১৬ রুপি। জুলাইয়ে পণ্যটির দাম বেড়ে দাঁড়ায় কেজিপ্রতি ৩৫ রুপিতে। বর্তমানে দেশটির বড় শহরগুলোয় প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫০ রুপির আশপাশে। আট মাসের ব্যবধানে পণ্যটির দাম বেড়েছে কেজিতে প্রায় ৩৫ রুপি।
ভারতের বাজারে পেঁয়াজের এ মূল্যবৃদ্ধির পেছনে বৈরী আবহাওয়ার কারণে সরবরাহ সংকটকে দায়ী করছে মন্ত্রণালয়। এখন সরবরাহ বাড়িয়ে দামের লাগাম টানতে আন্তর্জাতিক বাজার থেকে পেঁয়াজ আমদানির পরিকল্পনা করেছে পণ্যটির অন্যতম প্রধান রফতানিকারক দেশ ভারত। খরিফ মৌসুমে উৎপাদিত খাদ্যপণ্য পুরোদমে সরবরাহ শুরুর আগেই প্রাথমিকভাবে বেসরকারি পর্যায়ে মোট ১১ হাজার ৪০০ টন পেঁয়াজ আমদানি করা হবে।
ভারতের ডিরেক্টরেট জেনারেল অব কমার্শিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড স্ট্যাটিসটিকসের (ডিজিসিআইএস) তথ্য অনুযায়ী, ২০১৭-১৮ অর্থবছরের প্রথম চার মাসে (এপ্রিল-জুলাই) ভারত থেকে ১২ লাখ ৩০ হাজার টন পেঁয়াজ রফতানি হয়েছে, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ৫৬ শতাংশ বেশি। ২০১৫-১৬ অর্থবছরের এপ্রিল-জুলাই সময়কালে ভারত থেকে মোট ৭ লাখ ৮৮ হাজার টন পেঁয়াজ রফতানি হয়েছিল। সেই হিসাবে, এক বছরের ব্যবধানে পণ্যটির রফতানি বেড়েছে প্রায় ৪ লাখ ৫২ হাজার টন।
চলতি অর্থবছরের প্রথম চার মাসে দেশটি পেঁয়াজ রফতানি করে মোট ১ হাজার ৪৪৩ কোটি ৯ লাখ রুপি আয় করেছে, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ৪৭ দশমিক ৬৯ শতাংশ বেশি। ২০১৫-১৬ অর্থবছরের এপ্রিল-জুলাই সময়কালে পেঁয়াজ রফতানি বাবদ ভারতের আয় হয়েছিল ৯৭৭ কোটি ৮৪ লাখ রুপি। এ সময় চীন ও মিসরে সবচেয়ে বেশি পেঁয়াজ রফতানি করেছে ভারত।
