দুই বোনকে যৌন হয়রানি ও সেইসাথে হামলার অভিযোগে করা মামলায় ছাত্রলীগ নেতা আরিফ মিয়াকে বৃহস্পতিবার (১১ জুন) গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে বরিশালের গৌরনদী উপজেলা সদরে।
অভিযুক্ত আরিফ গৌরনদী কলেজ ছাত্র সংসদের সাবেক ক্রীড়া সম্পাদক ও গৌরনদী কলেজ ছাত্রলীগের সদস্য।
এ বিষয়ে মামলার বাদী জানান, তার ছোট বোন বরিশাল নগরীর সরকারি হাতেম আলী কলেজের অনার্স শেষ বর্ষের ছাত্রী। সে বাড়ি থেকে বের হলে রাস্তায় আরিফ ও তার সহযোগী বখাটেদের নিয়ে পথরোধ করে উত্যক্ত করে এবং অশ্লীল কথাবার্তা বলে। ছোট বোন বিষয়টি পরিবারকে অবহিত করলে আরিফকে তার অভিভাবক ধমক দেন। এতে আরিফ ক্ষিপ্ত হয়ে বুধবার (১০ জুন) পৌর সদরের দক্ষিণ বিজয়পুর মৎস্য খামারের সামনে তিন সহযোগীকে নিয়ে কুরুচিপূর্ণ কথা বলে ছোট বোনকে লাঞ্ছিত করে।
এসময় প্রতিবাদ করলে আরিফ সহযোগীদের নিয়ে হামলা চালিয়ে ওড়না টানাটানি করে। কলেজ ছাত্রীর মা অভিযোগ করেন, বখাটে আরিফ প্রায়ই তার মেয়েদের ক্ষতি করার হুমকি দিতো।
গৌরনদী মডেল থানার ওসি গোলাম ছরোয়ার বলেন, দুই বোনকে যৌন হয়রানি ও হামলার ঘটনায় ছাত্রলীগ নেতা আরিফ মিয়াকে প্রধান আসামি করে তিন সহযোগীসহ ৪ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। আরিফকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

