দুই মামলায় খালেদার জামিন নাকচ




পৃথক দুটি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন আবেদন নাকচ করেছেন আদালত।
আজ বৃহস্পতিবার ঢাকার বকশীবাজারে কারা অধিদপ্তরের মাঠের বিশেষ এজলাসে মহানগর হাকিম আহসান হাবীব ও খুরশীদ আলম এই আদেশ দেন।
এ দুটি মামলায় জামিনের জন্য খালেদার আইনজীবীরা সুপ্রিম কোর্টেও গিয়েছিলেন। কিন্তু হাই কোর্ট জামিন না দিয়ে খালেদা জিয়ার আবেদন দুটি দ্রুত নিষ্পত্তি করার নির্দেশ দেয়।  হাই কোর্টের ওই আদেশ আপিল বিভাগেও বহাল থাকে।
বৃহস্পতিবার হাকিম আদালতে খালেদার পক্ষে উপস্থিত ছিলেন তার আইনজীবী আবদুর রেজাক খান ও মাসুদ আহমেদ তালুকদার। রাষ্ট্রপক্ষে ছিলেন পিপি আব্দুল্লাহ আবু।
মাসুদ আহমেদ তালুকদার পরে  বলেন, “আদালত জামিন নাকচ করার কোনো গ্রাউন্ড বলেনি। বলেছে, গুরুত্ব বিবেচনায় জামিন নামঞ্জুর করা হল।” আগামী ২ অগাস্ট এ দুটি মামলায় শুনানির পরবর্তী দিন রাখা হয়েছে বলে জানান তিনি।
খালেদার আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার জানিয়েছেন, জামিনযোগ্য ধারায় জামিন না দেওয়ার আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে আবেদন করা হবে।
উল্লেখ্য, দুই বছর আগে ২০১৬ সালের ৩ নভেম্বর খালেদা জিয়ার বিরুদ্ধে আদালতে মানহানির মামলা করেন জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী। এ মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে গত বছরের ১২ অক্টোবর গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।
মামলায় খালেদার বিরুদ্ধে অভিযোগ আনা হয়, ‌‌রাজাকার-আলবদর নেতা-কর্মীদের মন্ত্রী-এমপি বানিয়ে তাদের বাড়ি-গাড়িতে বাংলাদেশের মানচিত্র ও জাতীয় পতাকা তুলে দেওয়া হয়েছে।
আর ভুয়া জন্মদিন পালনের মামলার অভিযোগে ২০১৬ সালের ৩০ আগস্ট ঢাকার আদালতে আরেকটি নালিশি মামলা করেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গাজী জহিরুল ইসলাম। এ মামলাতেও আদালত খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
আরও পড়ুন;
খালেদা জিয়ার জামিন স্থগিত চেয়ে আবেদন করেছে দুদক  
চার মাসের জামিন পেয়েছেন খালেদা জিয়া  
খালেদা জিয়ার আইনজীবী হবেন না কামাল হোসেন  
খালেদা জিয়ার জামিনের মেয়াদ বাড়ল  
খালেদা জিয়ার আপিল শুনানি রবিবার