দুই ল্যাবের একটিতে করোনা পজিটিভ, অপরটিতে নেগেটিভ!


জয়পুরহাট, Joypurhat District #paperslife

দুই দিনের ব্যবধানে একদিন শরীরে করোনা শনাক্ত হলেও অন্যদিন রিপোর্ট নেগেটিভ আসে।  জয়পুরহাটের আক্কেলপুর পৌর শহরের পুরাতন বাজার এলাকার ওমপ্রকাশ আগরওয়ালা নামের এক সংবাদকর্মীর এ ঘটনা ঘটেছে।

সোমবারের রিপোর্ট পজিটিভ আসলেও বুধবারের রিপোর্ট এসেছে নেগেটিভ। দুই দিনের ব্যবধানে এমন রিপোর্ট পেয়ে তিনি চরম সংশয় প্রকাশ করেন।

জানা যায়, সংবাদকর্মী ওমপ্রকাশ আগরওয়ালা স্ত্রীসহ গত ২৯ জুন সোমবার আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনাভাইরাস পরীক্ষার নমুনা দেন। এরপর বুধবার তিনি নিজে সহকর্মীদের সঙ্গে জয়পুরহাট প্রেস ক্লাবে ভবনে এসেও নমুনা দেন।

সোমবারের ফলাফলে আক্কেলপুর হাসপাতাল থেকে একজন স্বাস্থ্যকর্মী তাদের দম্পতির করোনাভাইরাস পজিটিভ হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। একইসঙ্গে তার জয়পুরহাট প্রেস ক্লাবে দেওয়া নমুনা পরীক্ষার ফলাফল নেগেটিভ পাওয়া যায়।

দুই দিনের ব্যবধানে একই ব্যক্তির পজিটিভ ও নেগেটিভ ফলাফল পেয়ে বিস্ময় প্রকাশ করেন জয়পুরহাট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক খ. ম আব্দুর রহমান রনি।

সংবাদকর্মী ওমপ্রকাশ আগরওয়ালা বলেন, ‘সোমবার পজিটিভ আর বুধবার নেগেটিভ ফলাফল পেয়ে কিছু বুঝতে পারছি না। তবে সাতদিন হোম আইসোলেশনে থাকার পর বগুড়ার টিএমএসএস বেসরকারি হাসপাতালে আরো একবার নমুনা পরীক্ষা করাব বলে সিদ্ধান্ত নিয়েছি।’

জেলায় এ পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা ৫১১ জন। সুস্থ হয়েছেন ২২৮ জন। নমুনা সংগ্রহ ৮ হাজার ১৯ এবং ফলাফল পাওয়া গেছে ৭ হাজার ৭২২ জন।