২০১৯ সালের ৭ জানুয়ারি দুপুরে ডেমরা থানা কোনাপাড়ায় দুই শিশুকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার ঘটনায় অভিযুক্ত দুই আসামি গোলাম মোস্তফা ও আজিজুল বাওয়ানি ওরফে আজিজুল বাওলীকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। সেইসাথে নগদ ৫০ হাজার টাকা করে উভয়ের অর্থদণ্ড দিয়েছেন আদালত।
মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৯ সালের ৭ জানুয়ারি দুপুরে ডেমরা থানা কোনাপাড়ার বাসার রুমে ডেকে নেওয়া হয় দুই শিশুকে। এরপর সাউন্ডবক্সে গান বাজিয়ে আসামি আজিজুল এক শিশুকে ধর্ষণ করে গামছা দিয়ে শ্বাসরোধে হত্যা করে। এবং আসামি গোলাম মোস্তফা আরেক শিশুকে গলা টিপে হত্যা করে। এই ঘটনায় ডেমরা থানায় এক শিশুর বাবা বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। এরপর ডেমরা থানার উপ-পরিদর্শক শাহ আলম দুই আসামির বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। একই বছর ২৩ মার্চ আসামির বিরুদ্ধে চার্জ গঠন করা হয়। বিভিন্ন সময় ১৫ জন ব্যক্তির জবানবন্দি গ্রহণ করেছেন আদালত।
আজ মঙ্গলবার(৩ মার্চ) সকালে আসামিদের কারাগার থেকে আদালতে হাজির করা হয়। এসময় ঢাকার নারী ও শিশু ট্রাইব্যুনাল-৩ এর বিচারক জয়শ্রী সমাদ্দার এই রায় ঘোষণা করেন। এরপর রায় ঘোষণা শেষে সাজা পরোয়ানা ইস্যু করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

