দেশের চাহিদা পূরণের পর অতিরিক্ত আলু রফতানি করা হবে



অন্তর্বর্তী সরকারের বাণিজ্য ও বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশির উদ্দিন জানিয়েছেন, দেশের অভ্যন্তরীণ চাহিদা পূরণের পর অতিরিক্ত আলু রপ্তানি করা হবে।

শুক্রবার (৫ সেপ্টেম্বর, ২০২৫) দুপুরে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর উচ্চ বিদ্যালয় মাঠে হেলিকপ্টারে পৌঁছে স্থানীয় সাংবাদিকদের তিনি এ কথা বলেন। এ সময় তাকে গার্ড অব অনার প্রদান করা হয়।

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে শেখ বশির উদ্দিন বলেন, “হিমাগারে সংরক্ষিত আলুর মূল্য নিয়ন্ত্রণে সরকার কার্যকর পদক্ষেপ নিচ্ছে। বাজারে স্থিতিশীলতা বজায় রাখার পাশাপাশি কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

তিনি জানান, অভ্যন্তরীণ চাহিদা মিটিয়ে অতিরিক্ত আলু রপ্তানির মাধ্যমে সংকট অনেকাংশে কমানো সম্ভব হবে।

এরপর তিনি মর্তুজাপুর মাদ্রাসায় জুমার নামাজ আদায় করেন এবং প্রয়াত শ্বশুর, সাবেক সংসদ সদস্য আব্দুর রাজ্জাক আকন্দের কবর জিয়ারত করেন। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

শেখ বশির উদ্দিন আরও বলেন, আলু রপ্তানির জন্য সম্ভাব্য বাজার খুঁজে বের করতে সরকার কাজ শুরু করেছে। এছাড়া, কৃষকদের সুবিধার জন্য হিমাগারের সংরক্ষণ ব্যবস্থা উন্নত করা এবং বাজারে আলুর সরবরাহ নিয়ন্ত্রণে বিশেষ নজর দেওয়া হচ্ছে।