দেশের বন্যা পরিস্থিতি অপরিবর্তিত




সারাদেশের বিভিন্ন অঞ্চলে অপরিবর্তিত রয়েছে বন্যা পরিস্থিতি। গত ২৪ ঘণ্টায় যমুনা ও ব্রহ্মপুত্রের পানি কিছুটা কমলেও এখনো বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে দুর্ভোগ কমেনি বানভাসি মানুষের। পর্যাপ্ত ত্রাণ সহায়তা না পাওয়ার অভিযোগ তাদের। এদিকে, পদ্মা ও মেঘনা নদীর পানি বাড়ায় দক্ষিণাঞ্চলের বন্যা পরিস্থিতি অবনতি হয়েছে।
জামালপুর: জামালপুরে বাহাদুরাবাদ পয়েন্টে যমুনার পানি কমলেও এখনো বিপদ সীমার ১০২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তারাকান্দি-ভুঞাপুর সড়ক ভেঙ্গে আওনা ও পিংনা ইউনিয়নের ৩০টি গ্রাম নতুন করে প্লাবিত হয়েছে। বাড়িঘর তলিয়ে যাওয়ায় ৫ শতাধিক পরিবার বাঁধ ও উঁচুস্থানে আশ্রয় নিয়েছে। পানিতে ভেসে গেছে শতাধিক পুকুরের মাছ।
টাঙ্গাইল:টাঙ্গাইল সদর, কালিহাতি ও গোপালপুরসহ ৫ উপজেলায় নতুন করে শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। এতে পানিবন্দি হয়ে পড়েছেন ৩ লক্ষাধিক মানুষ। ভেসে গেছে ৩০ হাজার হেক্টর জমির ফসল। বিশুদ্ধ পানি ও শুকনো খাবার সরবরাহের দাবি জানিয়েছেন সেখানকার বানভাসি মানুষ।
নাটোর:নাটোরে আত্রাই নদীর পানি বেড়ে বিপদ সীমার ৫৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে সিংড়া উপজেলার ৫টি ইউনিয়নে কয়েক হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছেন। তলিয়ে গেছে ৭শ’ ২০ হেক্টর রোপা আমনের ফসল।
শরীয়তপুর: পদ্মা নদীর পানি বেড়ে শরীয়তপুরে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। নড়িয়া-জাজিরা আঞ্চলিক সড়কের ১২ কিলোমিটার এলাকা পানিতে তলিয়ে গেছে। নড়িয়া, জাজিরা ও ভেদরগঞ্জ উপজেলার ৮টি ইউনিয়ন নতুন করে প্লাবিত হয়েছে। গবাদি পশু নিয়ে বিপাকে পড়েছেন বানভাসি মানুষ।
মানিকগঞ্জ: মানিকগঞ্জের শিবালয়, ঘিওর ও সাটুরিয়াসহ ৫টি উপজেলার অন্তত ২০টি ইউনিয়ন বন্যার পানিতে প্লাবিত হয়েছে। এতে পানিবন্দি অবস্থায় রয়েছেন লক্ষাধিক মানুষ। রাস্তা-ঘাট ও ঘরবাড়িতে পানি উঠায় চরম দুর্ভোগে পোহাতে হচ্ছে বলে জানান তারা।
ফরিদপুর: ফরিদপুরে পদ্মা নদীর পানি ১৪ সেন্টিমিটার বেড়ে বিপদ সীমার ১০৬ সেন্টিমিটার উপর দিয়েছে প্রবাহিত হচ্ছে। এতে জেলার ১০টি ইউনিয়নের ৩০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। কয়েকশ’ হেক্টর জমির ফসলি জমি পানিতে তলিয়ে গেছে।